জনপ্রতিনিধির বিরুদ্ধে জনতার ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে এক জনপ্রতিনিধি নিজের মাছের ঘের রক্ষা করতে গিয়ে সরকারি রাস্তা কেটে দেওয়ায় তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ গ্রামবাসী গতকাল রোববার সকালে কেশবপুর শহরে মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে।স্মারকলিপিতে অভিযোগ করা হয়, ঝিকরা গ্রামের বাসিন্দা ও সাগরদাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাগর খান ওরফে মনা ও আবদুল গণি ১৯ আগস্ট রাতে শ্রীপুর-শেখপুরা রাস্তার শ্রীপুর নামক স্থানে রাস্তাটি কেটে দিয়ে ঘেরের পানিনিষ্কাশন করেন। এতে পাশের শেখপুরা, শ্রীপুর ও আওলগাতী গ্রাম প্লাবিত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় এসব গ্রামের চার শতাধিক পরিবার। গ্রামবাসীর দাবি, ইউপি সদস্য সাগর ও গণিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরিভিত্তিতে খাদ্যসহায়তা দিতে হবে।বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ নারী-পুরুষ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে প্রথমে প্রেসক্লাব ও পরে উপজেলা পরিষদে সংক্ষিপ্ত সমাবেশ করে। ইউএনও ছুটিতে থাকায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন স্মারকলিপিটি গ্রহণ করে জেলা প্রশাসকের কাছে পাঠিয়ে দেন।