জনপ্রতিনিধির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
টাঙ্গাইলের সখীপুরে কালমেঘা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জামাল হোসেনের বিরুদ্ধে অসহায় নারীদের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ওই ওয়ার্ডের দরিদ্র ১২ জন নারীর কাছ থেকে ভিজিডি ও ভিজিএফ কার্ড দেওয়ার কথা বলে ওই টাকা আত্মসাৎ করা হয়েছে।এ ব্যাপারে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউপি) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কালমেঘা ইউনিয়নের নাগেরচালা গ্রামের সাবেত্রী (৫৫) জানান, কয়েক মাস আগে ইউপি সদস্য জামাল বিধবা কার্ড দেওয়ার কথা বলে এক হাজার টাকা ও রাস্তায় কাজ দেওয়ার কথা বলে আরও এক হাজার টাকা নিয়েছেন। তবে কার্ড বা কাজ কোনোটাই দেওয়া হয়নি।সরস্বতী দেবী নামে আরেক দুঃস্থ নারী জানান, রাস্তায় কাজ দেওয়ার কথা বলে ওই ইউপি সদস্য এক হাজার ২০০ টাকা নিয়েছেন। কিন্তু কাজ পাওয়া যায়নি। অভিযুক্ত জনপ্রতিনিধি জামাল হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব নারী অভিযোগ করেছেন তা ভিত্তিহীন।’ইউএনও সুলতানা রাজিয়া বলেন, অভিযোগ যাচাই করার জন্য উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাহিদ সুলতানা বলেন, তদন্ত চলছে।