জনপ্রতিনিধিরা অসন্তুষ্ট, প্রকৌশলীরা তুষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের আওতাধীন দুটি সড়ক সংস্কারে নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। সড়ক দুটি সংস্কারের এক মাসের মধ্যেই সিলকোট উঠে গিয়ে আগের ভগ্নদশায় ফিরে এসেছে।জনপ্রতিনিধি, এমনকি প্রশাসনের কর্মকর্তারা সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ তুলেছেন। অথচ সওজের কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের ভাষ্যমতে, অর্থবছরের শেষ দিকে এসে দ্রুত কাজ করা ও বৃষ্টির কারণে সড়কের এ অবস্থা হয়েছে।খাগড়াছড়ি সওজের একাধিক কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কথা বলে জানা যায়, গত ৮ মে দীঘিনালা থানা বাজার ৫০০ মিটার সড়ক সংস্কারের (সিলকোট) জন্য দরপত্র আহ্বান করা হয়। এতে ব্যয় ধরা হয় তিন লাখ ৩৯ হাজার টাকা। এদিকে গত ২১ মার্চ দীঘিনালা-বাবুছড়া সড়কের দুই কিলোমিটার সংস্কারের (সিলকোট) জন্য দরপত্র আহ্বান করা হয়। এটির ব্যয় ধরা হয় ১২ লাখ ৭৫ হাজার ১৩৩ টাকা। সড়ক দুটির সংস্কারের কার্যাদেশ পায় খাগড়াছড়ির রিপ এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।সরেজমিনে দেখা গেছে, দীঘিনালা-বাবুছড়া ১২ কিলোমিটার দীর্ঘ সড়কের বিভিন্ন স্থানে গর্ত ও ভাঙন। সেখানে কোনো কাজ করা হয়নি। সংস্কার হয়েছে সড়কের দীঘিনালা সদর ইউনিয়নের পুলিন হেডম্যানপাড়া থেকে নারকেল বাগান পর্যন্ত দুই কিলোমিটার অংশ। যেখানে কোনো ভাঙন ছিল না। মাস খানেক আগে সড়কটির সংস্কারকাজ শেষ হয়েছে। এরই মধ্যে সিলকোট উঠে যাচ্ছে।দীঘিনালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা জানান, সড়ক সংস্কারের নামে লুটপাট হয়েছে। এক মাস না যেতেই সব উঠে যাচ্ছে। এ কাজের কী দরকার ছিল!দীঘিনালা থানা বাজার সড়কেরও একই অবস্থা। সিলকোট উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। বোয়ালখালী (সদর) ইউপির চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা জানান, সড়কটি দেখলে মনে হবে না কয়েক দিন আগে সংস্কার করা হয়েছে। ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের সড়কও সংস্কার করা হয়েছে। কিন্তু এখন সংস্কারের চিহ্নও নেই। পুরো কাজে অনিয়ম হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিম জানান, উপজেলা সদরের সড়ক সংস্কারে যদি এমন অবস্থা হয়, তাহলে অন্য সড়কগুলোর কী দশা! সড়ক সংস্কারের কয়েক দিনের মধ্যেই সিলকোট উঠে যাচ্ছে।অভিযোগ প্রসঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠান রিপ এন্টারপ্রাইজের মালিক রিপ রিপ দেওয়ান জানান, তাঁর ঠিকাদারি লাইসেন্সে অন্যজন কাজ করেছেন। তিনি বলেন, ‘কোন্ স্থানে কাজ হয়েছে সেটাই জানি না।’সংস্কারকাজে তদারকের দায়িত্বে থাকা খাগড়াছড়ি সওজের উপসহকারী প্রকৌশলী আবদুস সালাম জানান, একে তো জুন ফাইনাল, তার ওপর বৃষ্টির মধ্যে কাজ। তাই সড়কে এ অবস্থার সৃষ্টি হয়েছে। একই কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী জ্যোতিষ গোস্বামী বলেন, ‘কাজে কোনো প্রকার অনিয়ম হয়নি। জুন ফাইনালের কারণে সমস্যা হয়েছে। কাজটি দ্রুত না করালে টাকা ফেরত যেত। কাজের ব্যাপারে আমি সন্তুষ্ট।’সওজ বিভাগের খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী আবদুর রশিদ বলেন, ‘সড়ক দুটি পরিদর্শন করতে পারিনি। কাজে কোনো প্রকার অনিয়ম হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’