মৌলভীবাজারের জুড়ীতে বন বিভাগের পুটিছড়া বিটে সামাজিক বনায়নের উপকারভোগীর প্রাথমিক তালিকায় জনপ্রতিনিধি, রাজনীতিক, সরকারি বিদ্যালয়ের শিক্ষক ও একই পরিবারের একাধিক সদস্যের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। এ ছাড়া উপকারভোগী নির্বাচন ও জঙ্গল পরিষ্কারের কাজে বন বিভাগের লোকজন অনেকের কাছ থেকে টাকা আদায় করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। বন বিভাগ সূত্রে জানা গেছে, গত অর্থবছরে (২০০৯-১০) জুড়ী-১ রেঞ্জের গোয়ালবাড়ী ইউনিয়নের পুটিছড়া বিটের ১২০ হেক্টর জায়গায় সামাজিক বনায়নের উদ্যোগ নেওয়া হয়। গত জুলাই থেকে আগস্ট পর্যন্ত ওই জায়গায় আগরসহ বিভিন্ন জাতের প্রায় এক লাখ বনজ চারা লাগানো হয়েছে। ১২০ হেক্টর জায়গার জঙ্গল পরিষ্কার করতে প্রায় ২৫ লাখ টাকা সরকারি বরাদ্দ পাওয়া যায়।সামাজিক বনায়নের নিয়মানুসারে উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে বনায়নের জন্য নির্ধারিত এলাকার এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বসবাসকারী দুস্থ নারী, দরিদ্র ও ভূমিহীন মানুষ অগ্রাধিকার পাবেন। প্রতি উপকারভোগীকে এক একর করে জমি দেওয়া হবে। পুটিছড়া বিটের কর্মকর্তা মো. আবু ইউনুছ উপকারভোগীদের পৃথক তিনটি প্রাথমিক তালিকা তৈরি করে গত ২৮ আগস্ট জুড়ী-১ রেঞ্জের বন কর্মকর্তার কাছে জমা দিয়েছেন। অনুসন্ধানে জানা গেছে, আগর বাগানের উপকারভোগীর তালিকায় ৭৩ নম্বর ক্রমিকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিবুন খানম ও ১০০ নম্বরে তাঁর মেয়ে শারমিন সুলতানার নাম রয়েছে। ১ থেকে ৬ নম্বর ক্রমিকে উপজেলা যুবলীগের সভাপতি আবদুল খালিক, সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস, যুবলীগের নেতা আবুল বাশার, মামুনুর রশীদ, শরদেন্দু দাস, বিন্দু পাল; ১৩৯ নম্বর ক্রমিকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (একাংশ) এম এ মোহাইমিন; ১৪৩ নম্বর ক্রমিকে পশ্চিম জুড়ীর ইউপি সদস্য ও বিএনপির নেতা সমছু মিয়া; ১০৭ নম্বর ক্রমিকে সাগরনাল ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরীর স্ত্রী মাহমুদা ইসলাম চৌধুরীর নাম রয়েছে। ৩২, ৩৫, ৬২ ও ১৪৯ নম্বর ক্রমিকে গোয়ালবাড়ীর জালালপুর গ্রামের আবদুল জব্বারের চার ছেলে ও স্ত্রীর নাম আছে। ১৩৬ নম্বর ক্রমিকে কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আয়েশা বেগমের নামও আছে। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির জুড়ী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের স্ত্রী।নাম প্রকাশ না করার শর্তে তালিকায় স্থান পাওয়া একাধিক ব্যক্তির অভিযোগ, নাম অন্তর্ভুক্ত ও জঙ্গল পরিষ্কারের কথা বলে বনপ্রহরী সামছুল আলম মজুমদার ও জায়গিরদারদের প্রধান (হেডম্যান) আবদুল হান্নানকে দিয়ে পুটিছড়া বিটের কর্মকর্তা আবু ইউনুছ জনপ্রতি পাঁচ থেকে সাত হাজার টাকা করে আদায় করেছেন। ভাইস চেয়ারম্যান আজিবুন খানম বলেন, ‘আমি ভাই গরিব মানুষ। মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে গোয়ালবাড়ীর ইউপি চেয়ারম্যানের মাধ্যমে নাম দিয়েছি।’ যুবলীগের সভাপতি আবদুল খালিক বলেন, ‘যুবলীগের কয়েকজন নেতা-কর্মীর নাম থাকতেই পারে। সামাজিক বনায়নে অতীতে তো আরও অনিয়ম হয়েছে।’ বিএনপির নেতা এম এ মোহাইমিন বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালে কোনো সুবিধা নিইনি। এবার ইচ্ছা করেই উপকারভোগী হতে আবেদন করেছি।’ শিক্ষক আয়েশা বেগমের স্বামী সিরাজুল ইসলাম বলেন, ‘দুজনেরই (স্বামী-স্ত্রী) নাম দিয়েছি। তালিকায় কার নাম এসেছে জানি না।’গোয়ালবাড়ীর ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ বলেন, ‘তালিকা তৈরির শুরুতে বন বিভাগের লোকজন আমাকে কিছু জানায়নি। শেষ মুহূর্তে জেনে এলাকার অসচ্ছল ২০ ব্যক্তির নাম দিয়েছি।’ নারী ভাইস চেয়ারম্যানের নাম দেওয়ার বিষয়টি তিনি স্বীকার করেছেন। পুটিছড়া বিটের বন কর্মকর্তা আবু ইউনুছ অনিয়ম-দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘রেঞ্জ কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে তালিকা তৈরি করা হয়েছে।’ জুড়ী-১ রেঞ্জের বন কর্মকর্তা আবদুস সাত্তার বলেন, ‘এ নিয়ে বিশদ কিছু বলতে চাই না। তবে ত্রুটি থাকায় তালিকাটি সংশোধনের চেষ্টা চলছে। উপকারভোগী নির্বাচনে দুর্নীতির অভিযোগে বনপ্রহরী সামছুল আলম মজুমদারকে মাসখানেক আগে অন্যত্র বদলি করা হয়েছে। এ ক্ষেত্রে বিট কর্মকর্তার সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখা হবে।’ তিনি জানান, চূড়ান্ত অনুমোদনের জন্য প্রাথমিক তালিকাটি উপজেলা বন ও পরিবেশ কমিটির আগামী সভায় উপস্থাপন করা হবে।উপজেলা বন ও পরিবেশ কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমা বলেন, ‘তালিকায় কোনো অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’