জনপ্রতিনিধিরা বাদ, কাজ টাকা নেতাদের হাতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামের অতিদরিদ্র জনগোষ্ঠীর জন্য কাজের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকারের ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান’ প্রকল্প নিয়ে বরগুনায় নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রকল্প বাস্তবায়নের জন্য প্রতিটি ইউনিয়নে নয় সদস্যের যে কমিটি গঠন করা হয়েছে, তাতে অধিকাংশই ক্ষমতাসীন দলের নেতা ও কর্মী বলে অভিযোগ রয়েছে। ফলে তাঁদের ইচ্ছামতো এসব প্রকল্পের কাজ বাস্তবায়িত হচ্ছে। এতে এ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য অনেকাংশে ব্যাহত হচ্ছে।গত ১৭ ফেব্রুয়ারি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের কাজ ১ মার্চ শুরু হয়ে প্রতি মাসে ২০ দিন করে ৪০ দিনে অর্থাৎ ৩০ এপ্রিল শেষ করতে হবে। কিন্তু সরেজমিনে জানা গেছে, নির্ধারিত ৩০ এপ্রিলের মধ্যে প্রকল্পের কাজ হয়েছে মাত্র ১৫-২০ দিন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, জেলার পাঁচটি উপজেলায় এ প্রকল্পে বরাদ্দ ছিল সাত কোটি ৫২ লাখ ৩০ হাজার ৪০০ টাকা। ৩০ এপ্রিল পর্যন্ত কাজ বাবদ বিতরণ করা হয়েছে চার কোটি ৪৪ লাখ টাকা। তিনি জানান, ৩০ এপ্রিল পর্যন্ত গড়ে ৬৬ শতাংশ কাজ হয়েছে। বাকি কাজ শেষ করতে কাজের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের নয়টি প্রকল্পে নিযুক্ত শ্রমিকেরা অভিযোগ করেন, কাজের শুরুতেই তাঁদের কাছ থেকে ২০ দিনের স্বাক্ষর নিয়ে নেওয়া হয়েছে। এখানেই ক্ষান্ত হননি তাঁরা। ৪০ দিনের স্থলে ১০-১২ দিন কাজ করিয়ে প্রকল্পের পুরো টাকা তুলে লোপাট করার পাঁয়তারা চালাচ্ছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্র জানায়, গৌরিচন্না ইউনিয়নে ৫৮৫ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়। নয়টি প্রকল্পের অনুকূলে বরাদ্দ দেওয়া হয় প্রায় ২৮ লাখ টাকা। প্রকল্পগুলোর সদস্য-সচিবের দায়িত্ব পান সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজমল হুদা। আর তদারক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী শহীদুল ইসলাম। গত ১ এপ্রিল এ এলাকার সব প্রকল্পে একযোগে কাজ শুরু হয়। গত ৩০ এপ্রিল পর্যন্ত থেমে থেমে ১৪ দিন কাজ হয় বলে প্রকল্পে নিযুক্ত শ্রমিকেরা জানান।নিয়মানুযায়ী প্রতিদিন একজন শ্রমিকের ৪৫ ঘনফুট মাটি কেটে পারিশ্রমিক হিসেবে ১২০ টাকা পাওয়ার কথা। এতে এক হাজার ঘনফুট মাটি কাটলে একজন শ্রমিক পাবেন দুই হাজার ৬৫০ টাকা। কিন্তু ওই ইউনিয়নের নারী-শ্রমিক হোসনে আরা ও কুমুদিনী রানী অভিযোগ করেন, তাঁদের প্রতি হাজার ঘনফুট মাটি কাটার জন্য দেড় হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছে। প্রকল্পের সদস্য-সচিব আজমল হুদা অভিযোগ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আমার ওখানে যে কাজ হয়েছে, তা অন্য কোনো ইউনিয়নে হয়নি।’ তদারক কর্মকর্তা শহীদুল ইসলাম দাবি করেন, নয়টি প্রকল্পে ৩০ দিন কাজ হয়েছে। কিন্তু শ্রমিকেরা বলছেন, কাজ হয়েছে ১৪ দিন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি অসুস্থতা ও অফিসের কাজের চাপে তেমন খোঁজখবর রাখতে পারিনি।’ আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুরুল হক তালুকদার অভিযোগ করেন, ‘আমার ইউনিয়নে নয় সদস্যবিশিষ্ট যে প্রকল্প কমিটি করা হয়েছে, তার মধ্যে ছয়জনই ক্ষমতাসীন দলের স্থানীয় পর্যায়ের নেতা ও কর্মী। তাঁরা প্রকল্পের কাজ কোনো রকম দেখিয়ে পুরো টাকা লুটপাট করছেন, যে কারণে কমিটি থেকে আমি পদত্যাগ করেছি।’ কমিটি করায় অনিয়ম ও ঠিকমতো কাজ না করার কারণে আমতলী সদর ইউপির চেয়ারম্যান জালাল আহমেদ ফকির কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন জানিয়ে বলেন, ‘এসব দুর্নীতি, অনিয়মের দায়ভার আমরা নিতে রাজি না।’ বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহিরুল ইসলাম বলেন, ‘নির্দিষ্ট লোক কাজে না থাকা, ঠিকমতো কাজ না করা—এসব অভিযোগ আমার কাছে এসেছে। সবকিছু সরেজমিনে পরিদর্শন করে দেখছি। যাঁদের কাজে অনিয়ম পাওয়া যাবে, তাঁদের টাকা ছাড় দেওয়া হবে না।’