প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের চাহিদা অনুযায়ী বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) পরিচালনা করতে জাতীয় এই টেলিভিশন চ্যানেলটির কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বিটিভির মাধ্যমে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রশংসা করেন তিনি।
প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার রাজধানীর রামপুরায় বিটিভি ভবন প্রাঙ্গণে প্রতিষ্ঠানের সূবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করে এসব কথা বলেন। খবর বাসসের।
শেখ হাসিনা বলেন, ‘দর্শকদের আকৃষ্ট করতে বিটিভিকে অবশ্যই জীবনঘনিষ্ঠ অনুষ্ঠান তৈরি করতে হবে। শুধু সংবাদ জানানোর মধ্যেই এর কার্যক্রম সীমাবদ্ধ রাখলে চলবে না। জাতীয় টেলিভিশনকে এমন একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে হবে যা জনগণের রুচি ও আচরণের পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।’ তিনি বলেন, সরকার বিটিভিকে একটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায়। তাই অনুষ্ঠান তৈরির সময় নতুন প্রযুক্তি ও জনগণের চাহিদার বিষয়টি মনে রাখতে হবে।
দেশের প্রধান জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান হিসেবে বিটিভির দায়িত্বশীলতা বেসরকারি চ্যানেলের চেয়ে ভিন্ন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বেসরকারি চ্যানেলগুলো তাদের ব্যবসাকে প্রাধান্য দেয়, অন্যদিকে বিটিভিকে জনগণের চাহিদার প্রতি গুরুত্ব দিতে হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতউল্লাহ এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। সভাপতিত্ব করেন তথ্যসচিব মরতুজা আহমেদ। প্রখ্যাত শিল্পী ও বিটিভির প্রথম সংগীতশিল্পী ফেরদৌসী রহমান এবং বিটিভির প্রথম মহাপরিচালক জামিল চৌধুরী সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এশিয়া-প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের মহাসচিব জাভাদ মোতাগহি এবং বিটিভির মহাপরিচালক আবদুল মান্নান।
প্রধানমন্ত্রী বিটিভি সদর দপ্তরের নবনির্মিত ১২ তলা ভবন উদ্বোধন করেন এবং সূবর্ণজয়ন্তী উপলক্ষে বেলুন উড়ান ও ডাকটিকেট অবমুক্ত করেন।