দিনবদল ও ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার করে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলেও সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, অসুস্থ রাজনীতির ধারকদের দিয়ে দিনবদল সম্ভব নয়।গতকাল শুক্রবার সকাল ১০টায় গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় কমিটির সভায় ড. কামাল এ কথা বলেন। তিনি বলেন, দলীয়করণের কারণে বিচার বিভাগ, প্রশাসন ও শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে। সীমাহীন চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজিতে মানুষ আতঙ্কিত। দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি, বার বার জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর কারণে মানুষের জীবন ওষ্ঠাগত। ক্ষুদ্র বিনিয়োগকারীরা শেয়ারবাজারের সর্বস্ব হারিয়ে এখন আত্মহত্যা করছে। তদন্ত কমিটি শেয়ারবাজারে কারসাজির সঙ্গে জড়িতদের চিহ্নিত করলেও সরকার তাদের বিচার করেনি। উল্টো সেই লুটপাটকারীদের হাতেই বাজার তদারকির দায়িত্ব দিয়েছে। সভায় দলের সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন দলের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন। আরও বক্তব্য দেন দলের নেতা মফিজুল ইসলাম খান কামাল, এস এম আলতাফ হোসেন, মোকাবির খান, জামালউদ্দিন আহমেদ, সুব্রত চৌধুরী, আব্দুল আজিজ, শান্তিপদ ঘোষ, জগলুল হায়দার আফ্রিক, রফিকুল ইসলাম প্রমুখ।