জনপ্রশাসন ও পুলিশের যৌথ তদন্ত শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে একজন হাকিমসহ তিনজন লাঞ্ছিত হওয়ার ঘটনায় গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনের যৌথ তদন্ত দল সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্যও শুনেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে তর্ক-বিতর্কের একপর্যায়ে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, ফেনী পৌর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা আবদুল মতিন ও সার্ভেয়ার খাদেমুল ইসলাম শারীরিকভাবে লাঞ্ছিত হন। এ ঘটনায় গত সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আইন ও পরিকল্পনা) শওকত মোস্তফাকে প্রধান করে জনপ্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি গতকাল সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টানা সাত ঘণ্টা ফেনী সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের পৃথক পৃথক সাক্ষ্য গ্রহণ করে। সাক্ষ্য গ্রহণ শেষে তদন্ত কমিটির তিন সদস্য ফেনী শহরের ট্রাংক রোডে ফেনী মডেল থানার ফটকের পাশে ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে তাঁরা উপস্থিত কয়েক ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করেন। এ সময় গত বৃহস্পতিবার ও বুধবার উচ্ছেদ করা দোকানমালিকদের পক্ষ থেকে কয়েকটি আবেদন তদন্ত কমিটির হাতে তুলে দেওয়া হয়। আবেদনে ক্ষতিগ্রস্ত দোকানমালিকেরা অভিযোগ করেন, উচ্ছেদের আগে তাঁদের কোনো প্রকার নোটিশ বা অন্য কোনোভাবে জানানো হয়নি। তদন্ত শেষে স্থানীয় সাংবাদিকেরা জানতে চাইলে কমিটির প্রধান শওকত মোস্তফা বলেন, ‘আমরা ঘটনা তদন্তে উভয়পক্ষের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেছি, তাঁদের বক্তব্য শুনেছি। তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। এ মুহূর্তে আর বেশি কিছু বলা যাবে না।’