
মেধা, মননশীলতা, সৃজনশীল কর্ম ও উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করতে খুলনা বিভাগের ১৬ জন কর্মকর্তাকে জনপ্রশাসন পদক ২০১৭ প্রদান করা হয়েছে। জনপ্রশাসনে অসামান্য অবদানের জন্য তাঁরা এ পুরস্কার পেয়েছেন। গতকাল রোববার খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ। তিনি পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন।
২০১৭ সালে সারা দেশ থেকে ২৬ জন জনপ্রশাসন পদকের জন্য মনোনীত হন। এর মধ্যে ছয়টি জেলার ১৬ জনই খুলনা বিভাগের। বিভাগের ব্যক্তিপর্যায়ে পদকপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নারী উন্নয়নের জন্য খুলনার সাবেক জেলা প্রশাসক নাজমুল আহসান, কমিউনিটি বেজড কালচারাল ইকো ট্যুরিজম কাজের জন্য সাতক্ষীরার শ্যামনগরের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সায়েদ মো. মনজুর আলম, জীবনের জন্য সাঁতার প্রকল্পের জন্য চুয়াডাঙ্গা সদরের সাবেক ইউএনও কে এম মামুন উজ্জামান এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য কুষ্টিয়ার সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাসিমা ইয়াসমিন।
এ ছাড়া দলগতভাবে যশোর জেলা থেকে পাঁচজন ও নড়াইল জেলা থেকে সাতজন এ পদক পেয়েছেন। জেলার নির্যাতিত নারী ও শিশুদের আইনি সহায়তা প্রকল্পের জন্য যশোর থেকে জনপ্রশাসন পদক পেয়েছেন জেলার সাবেক জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর (দলনেতা), সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সখিনা খাতুন, শার্শার ইউএনও আবদুস সালাম এবং জেলার সহকারী প্রোগ্রামার মো. মোতাহার হোসেন।
বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসনের মাধ্যমে ভিক্ষুকমুক্ত নড়াইল জেলা গঠনের জন্য জেলা থেকে পদক পেয়েছেন সাবেক জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ (দলনেতা), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সিদ্দিকুর রহমান, সদরের ইউএনও মোছাম্মৎ নাছিমা খাতুন, কালিয়ার সাবেক ইউএনও মো. কামরুল ইসলাম, লোহাগড়ার সাবেক ইউএনও মো. সেলিম রেজা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রতন কুমার হালদার এবং জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. আনিসুর রহমান।
পদকপ্রাপ্ত ব্যক্তিরা পুরস্কার হিসেবে পদক, প্রধানমন্ত্রী স্বাক্ষরিত সনদ, ব্যক্তিপর্যায়ে ৫০ হাজার টাকা এবং দলগত পর্যায়ে ১ লাখ পেয়েছেন। অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তিদের উদ্ভাবনী কার্যক্রমের ভিডিও চিত্র প্রদর্শিত হয়।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক ব্রজ গোপাল ভৌমিক, র্যাব-৬-এর অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম ও যশোরের জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খুলনার জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।