জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে গণসংবর্ধনা
যশোরের কেশবপুর উপজেলায় গত শনিবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেককে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
ইসমাত আরা সাদেক যশোর-৬ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়ায় কেশবপুরবাসীর পক্ষ থেকে তাঁকে এ গণসংবর্ধনা দেওয়া হয়।
কেশবপুর পাবলিক ময়দানে গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বর্তমান সরকার পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছে। এ সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকবে। যাঁরা বর্তমান সরকারের সময়কাল অল্প সময়ের জন্য বলছেন, তাঁদের কথায় বিভ্রান্ত হবেন না।’
ইসমাত আরা সাদেক আরও বলেন, বিএনপির শক্তি জামায়াতকে নিয়ে। জামায়াত সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে।
কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা, কেশবপুরের পৌর মেয়র আবদুস সামাদ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সাংবাদিক শ্যামল সরকার, নাগরিক কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিকী প্রমুখ।