জনপ্রশাসনে কোনো বিশৃঙ্খলা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রশাসনে বর্তমানে কোনো বিশৃঙ্খলা নেই বলে জানিয়েছেন সংসদ কাজে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে বিএনপির এ বি এম আশরাফ উদ্দিন নিজানের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।আশরাফ উদ্দিন নিজানের প্রশ্ন ছিল, পদোন্নতি, জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওএসডি, হয়রানিমূলক বদলি ইত্যাদি কারণে বর্তমানে জনপ্রশাসনে বিশৃঙ্খলা বিরাজ করছে— পত্রপত্রিকায় প্রকাশিত এ জাতীয় খবর সত্য কি না?জবাবে সৈয়দ আশরাফ জানান, বর্তমানে জনপ্রশাসনে কোনো বিশৃঙ্খলা বিরাজ করছে না। সরকারের উপসচিব ও তাঁর ওপরের কর্মকর্তাদের পদোন্নতির জন্য সুনির্দিষ্ট বিধিমালা রয়েছে। পদোন্নতি বিধিমালা-২০০২ অনুযায়ী পদোন্নতি-সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করে যোগ্য কর্মকর্তাদের উচ্চতর পদে পদোন্নতি হয়ে থাকে। প্রয়োজনীয় যোগ্যতা না থাকলে কোনো কর্মকর্তার পদোন্নতি না পাওয়াটাই স্বাভাবিক। কোনো কারণে যথাসময়ে পদোন্নতি না পেলে পরবর্তী পদোন্নতির পর প্রচলিত বিধি অনুযায়ী তাঁকে তাঁর কনিষ্ঠ কর্মকর্তার তারিখ হতে ধারণাগত জ্যেষ্ঠতা প্রদান করা হয়।মন্ত্রী আরও জানান, জনপ্রশাসনে ওএসডি সরকারের একটি রুটিন কাজ। প্রশাসনিক প্রয়োজনে তিন মাসের অধিক ছুটি, শিক্ষা ছুটি, পিআরএল প্রশিক্ষণ, উচ্চতর পদে পদোন্নতি, বিভাগীয় ও দুর্নীতির মামলা রুজু, ব্যক্তিগত ইত্যাদি কারণে বিভিন্ন কর্মকর্তাদের ওএসডি করা হয়। অনুরূপভাবে নিয়োগ ও বদলিও একটি রুটিন কাজ। কোনো কর্মকর্তা একই কর্মস্থলে তিন বছর চাকরি করার সরকারি সিদ্ধান্ত রয়েছে। তবে সরকার জনস্বার্থে যেকোনো কর্মকর্তাকে যেকোনো সময় যেকোনো কর্মস্থলে নিয়োগ বা বদলি করতে পারে।বেলা সোয়া ১১টার দিকে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।আশরাফ উদ্দিন নিজানের অপর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ জানান, নিম্ন আদালতসহ বিচার বিভাগের ওপর সরকারের হস্তক্ষেপের কারণে স্বাধীন বিচারব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে বলে বিভিন্ন পত্রপত্রিকায় যেসব সংবাদ প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন। বিচার বিভাগ ও বিচারকেরা স্বাধীনভাবে বিচারকাজ সম্পন্ন করে থাকেন।