জনপ্রশাসনের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিব পদে এক সঙ্গে ৬৪৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। বেশ কিছুদিন ধরে আলোচনার পর গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় তিনটি পৃথক আদেশ জারি করে এই পদোন্নতি দেয়।পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তারাও রয়েছেন। তবে পদের চেয়ে পদোন্নতি পাওয়া কর্মকর্তার সংখ্যা বেশি হওয়ায় তাঁদের আপাতত আগের পদেই কাজ করতে হবে। জনপ্রশাসনের কর্মকর্তারা বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে প্রশাসন ক্যাডারে এটাই একসঙ্গে সবচেয়ে বড় পদোন্নতি। তবে এত বড় পদোন্নতির মধ্যেও কেউ কেউ বঞ্চিত হওয়ার অভিযোগ করেছেন।পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে ১২৭ জন যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা অতিরিক্ত সচিব হয়েছেন। ২৬৪ জন উপসচিব পদমর্যাদার কর্মকর্তা হয়েছেন যুগ্ম-সচিব। আর জ্যেষ্ঠ সহকারী সচিব পদমর্যাদার ২৫৮ জন পদোন্নতি পেয়ে উপসচিব হয়েছেন ।জনপ্রশাসন সচিব আবদুস সোবহান সিকদার এ বিষয়ে সাংবাদিকদের বলেন, তিনটি বড় ব্যাচ হওয়ার কারণে একসঙ্গে এত কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা আপাতত যে যেখানে আছেন সেখানেই থাকবেন। নিয়মানুযায়ী পদোন্নতির পরপরই কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (এপিডি) মো. সোহরাব হোসাইন সাংবাদিকদের বলেন, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ মাঠ পর্যায়ের পদোন্নতি পাওয়া কর্মকর্তারা আপাতত যেখানে আছেন সেখানেই দায়িত্ব পালন করবেন। তবে এই পদোন্নতির কারণে কোনো কর্মকর্তা তাঁর অধ্বস্তন কোনো পদের অধীনে চলে গেলে, তাঁদের সরিয়ে নেওয়া হবে।তবে জনপ্রশাসনের সূত্রগুলো জানিয়েছে, মূলত পদের অভাবেই পদোন্নতি পেয়েও কর্মকর্তাদের আগের পদে থাকতে হচ্ছে। সূত্র জানিয়েছে, অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়ার ক্ষেত্রে ১৯৮৪ ক্যাডারের কর্মকর্তারা প্রাধান্য পেয়েছেন। যুগ্মসচিব হওয়া কর্মকর্তারা অধিকাংশই ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। আর উপসচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের একটি বড় অংশ ত্রয়োদশ বিসিএসের। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা দাবি করেছেন বিভিন্ন সময়ে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারাও এবার পদোন্নতি পেয়েছেন।বঞ্চিত হওয়ার অভিযোগ: কোনো কোনো কর্মকর্তা বলেছেন, পদোন্নতির যোগ্য হওয়া সত্ত্বেও তাঁদের বঞ্চিত করা হয়েছে। অন্যদিকে মেধা তালিকায় পিছিয়ে থাকা সত্ত্বেও অনেকেই পদোন্নতি পেয়েছেন। এক্ষেত্রে দলীয়করণ ও স্বজনপ্রীতি কাজ করেছে বলে অভিযোগ করেছেন তারা। বঞ্চণার উদাহরণ দিয়ে বলা হয়েছে, পঞ্চদশ বিসিএসে কর ক্যাডারে প্রথম হওয়া এক কর্মকর্তাকে না দিয়ে মেধা তালিকায় তাঁর চেয়ে পরে থাকা একজনকে পদোন্নতি দেওয়া হয়েছে। তথ্য ক্যাডারেও জ্যেষ্ঠদের বাদ দিয়ে কনিষ্ঠদের পদোন্নতি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ক্যাডারের নবম ব্যাচের মেধা তালিকায় প্রথম দিকে থাকা ১৪ জন কর্মকর্তাকে ডিঙিয়ে পরের তিনজনকে পদোন্নতি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রশাসন ক্যাডারের একজন যুগ্মসচিব বলেন, মেধা তালিকায় তাঁর পেছনে থাকা অনেকেই পদোন্নতি পেয়েছেন। অথচ তাঁকে বঞ্চিত করা হয়েছে।