জনপ্রশাসনে প্রতিবেদন পাঠানোয় সংসদীয় কমিটির ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসকের মেয়াদে ঢাকার দুই সিটি করপোরেশনের আর্থিক অনিয়ম সম্পর্কিত তদন্ত প্রতিবেদন সংসদীয় কমিটির আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোয় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

কমিটি মন্ত্রণালয়ের প্রতিবেদনটিকে অসম্পূর্ণ বলে প্রত্যাখ্যান করেছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠির কার্যকারিতা স্থগিত করতে বলেছে। সংসদীয় কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
সংসদ ভবনে আজ বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে প্রশাসকদের মেয়াদে সংঘটিত আর্থিক অনিয়মের অভিযোগ সম্পর্কিত তদন্ত প্রতিবেদন নিয়ে আলোচনা হয়।
গত ১৬ জুন অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকের সুপারিশের ভিত্তিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় অভিযোগ তদন্ত করে। কিন্তু মন্ত্রণালয় গত মাসে তদন্ত শেষে এ সংক্রান্ত প্রতিবেদনটি সংসদীয় কমিটিতে জমা দেওয়ার আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়। প্রতিবেদনের সঙ্গে পাঠানো চিঠিতে তারা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রশাসক জিল্লার রহমান (বর্তমানে ঢাকার বিভাগীয় কমিশনার), জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইব্রাহীম হোসেন খান ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান নজরুল ইসলামকে অভিযুক্ত করে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। এই তিন প্রশাসকের সময়ে ঢাকা দক্ষিণ সিটিতে ৩০০ কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ কোনো মন্তব্য করেননি। তবে অন্য সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই সিটি করপোরেশনে মোট ১৪ জন প্রশাসক বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেছেন। কিন্তু তদন্ত কমিটি মাত্র নয়জন প্রশাসকের বক্তব্য গ্রহণ করেছে। এঁরা সবাই দক্ষিণ সিটি করপোরেশনের। উত্তর সিটি করপোরেশনের কোনো প্রশাসকের বক্তব্য গ্রহণ করা হয়নি। যে কারণে কমিটি প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে দুই সিটির বিষয়ে নতুন করে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছে।
সদস্যরা আরও বলেন, তদন্ত হয়েছে সংসদীয় কমিটির চাহিদার ভিত্তিতে। সুতরাং নিয়ম অনুযায়ী প্রতিবেদনটি আগে সংসদীয় কমিটিতে জমা দিতে হবে। তারপর কমিটির সুপারিশের ভিত্তিতে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাতে হবে। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় উল্টো কাজ করেছে। সে জন্য কমিটি জনপ্রশাসনে পাঠানো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠির কার্যকারিতা স্থগিত করতে বলেছে।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ঢাকার দুই সিটি করপোরেশন সংলগ্ন যেসব ইউনিয়নে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, সেগুলোকে সিটি করপোরেশনের আওতাভুক্ত করার সুপারিশ করা হয়। এ ছাড়া সিটি করপোরেশনের নামে বাজেট বরাদ্দের অতিরিক্ত কোনো প্রকল্প গ্রহণ না করার সুপারিশ করা হয়।
আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য কমিটির সদস্য রহমত আলী, সাবের হোসেন চৌধুরী, ফজলে হোসেন বাদশা ও রহিমা আখতার অংশ নেন। স্থানীয় সরকার মন্ত্রী মোশাররফ হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন না।