জনপ্রশাসনে বঞ্চিতদের আবেদন পর্যালোচনা অনিশ্চিত
জনপ্রশাসনে পদোন্নতিবঞ্চিতদের আবেদন পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও পদোন্নতির আড়াই মাস পরও তা করা হয়নি। বিষয়টিই এখন অনিশ্চিত হয়ে পড়েছে।গত ৮ ফেব্রুয়ারি জনপ্রশাসনের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব পদে এর মধ্যে ১২৭ জন অতিরিক্ত সচিব, ২৬৪ জন যুগ্ম সচিব ও ২৫৮ জন উপসচিব হয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে প্রশাসন ক্যাডারে এটাই একসঙ্গে সবচেয়ে বড় পদোন্নতি। এত বড় পদোন্নতির পরও বিভিন্ন স্তরে পাঁচ শতাধিক কর্মকর্তা যোগ্যতা থাকা সত্ত্বেও পদোন্নতি পাননি বলে অভিযোগ ওঠে। এ নিয়ে প্রশাসনে অস্থিরতার সৃষ্টি হলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলা হয়, বঞ্চিতদের মধ্যে যাঁরা যোগ্যতা থাকা সত্ত্বেও বঞ্চিত হওয়ার অভিযোগ করেছেন, সেগুলো পর্যালোচনার উদ্যোগ নেওয়া হবে। এরপর চার শতাধিক কর্মকর্তা পদোন্নতিবঞ্চিত হওয়ার অভিযোগ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করেন। কিন্তু এখন পর্যন্ত এসএসবির (যে কমিটির সুপারিশের ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়) সভা ডাকা হয়নি।এই সরকারের আমলে জনপ্রশাসনে প্রথম পদোন্নতি হয় ২০০৯ সালের ২৫ জানুয়ারি। এ সময় সাতজনকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। তখন কয়েকজন নিজেদের বঞ্চিত বলে দাবি করেন। দুই দিন পর ২৭ জানুয়ারি ৭২ জনকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। এবার অর্ধশতাধিক কর্মকর্তা বঞ্চিত হন বলে অভিযোগ ওঠে। ২০১০ সালে উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদে ৫০৩ জনকে পদোন্নতি দেওয়া হয়। এবারও প্রায় ৫০০ কর্মকর্তার বঞ্চিত হওয়ার অভিযোগ ওঠে। বলা হয়েছিল এগুলো পর্যালোচনা করা হবে; কিন্তু বাস্তবে তা হয়নি। জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আবদুস সোবহান সিকদার গতকাল প্রথম আলোকে বলেন, পর্যালোচনার জন্য সভা হবে। তবে কবে হবে তা বলা যাবে না। তিনি বলেন, কারও আবেদনের পরিপ্রেক্ষিতে নয়, সাধারণ নিয়মে এই সভা হবে।পর্যালোচনার কথা বলে সেটি না করায় বঞ্চিত কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। পদোন্নতিবঞ্চিত একজন উপসচিব প্রথম আলোকে বলেন, ‘আমরা তো সরকারের আশ্বাসেই পর্যালোচনার আবেদন করেছিলাম। সরকার যদি বিষয়গুলো নিয়ে বসত, তাহলেও বুঝতাম তারা বিষয়গুলো নিয়ে ভাবছে। এখন দেখছি, শুধু আশ্বাস দিয়েই জনপ্রশাসন মন্ত্রণালয় দায়িত্ব শেষ করেছে।’ তিনি দাবি করেন, এ ঘটনায় সরকারের প্রতিও জনপ্রশাসনের কর্মীদের নেতিবাচক ধারণা বাড়বে। পদোন্নতিবঞ্চিত মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘এখনো কোনোভাবে নিজেকে মানিয়ে নিতে পারছি না।’জানতে চাইলে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার প্রথম আলোকে বলেন, ‘আমি মনে করি, বঞ্চিতদের হতাশা দূর করার জন্য যত দ্রুত সম্ভব বিষয়টি পর্যালোচনা করা উচিত।’