জনপ্রশাসনে বরিশাল-কুমিল্লার প্রাধান্য
দেশে সচিব পর্যায়ে সবচেয়ে বেশি কর্মকর্তার বাড়ি বরিশালে। অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব দুই-ই বেশি কুমিল্লায় এবং ২৯ জেলায় কোনো সচিব নেই।
আজ রোববার জাতীয় সংসদে তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বেগম ইসমাত আরা সাদেক এ তথ্য দিয়েছেন।
জাতীয় পার্টির সাংসদ এ কে এম মাইদুল ইসলাম সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিবের জেলাভিত্তিক ও ধর্মভিত্তিক তালিকা চান। বেগম ইসমাত আরা সাদেক জানান, জনপ্রশাসনে বরিশালের সচিব আছেন পাঁচজন। তিনি সংসদে যে তালিকা উপস্থাপন করেন, সেখানে অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব—এ দুই পদেই সবচেয়ে বেশি কর্মকর্তা বেশি কুমিল্লার। কুমিল্লায় বাড়ি ১৯জন অতিরিক্ত সচিব ও ৪৩ জন যুগ্ম সচিবের। উপসচিবের সংখ্যা সবচেয়ে বেশি চট্টগ্রামে, ৬১ জন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমানে তিনজন সচিব, ৪৬ জন অতিরিক্ত সচিব, ১৩৯ জন যুগ্ম সচিব ও ৭৭ জন উপসচিব ওএসডি (বিশেষ দায়িত্বে থাকা) হয়ে রয়েছেন।
এ ছাড়া ইসমাত আরা সাদেক বলেছেন, ৬২ জন সচিবের মধ্যে মুসলিম কর্মকর্তা ৫৯ জন ও হিন্দু ধর্মাবলম্বী তিনজন, অতিরিক্ত সচিবের মধ্যে ২৫৮ জন মুসলিম, হিন্দু ৪০ জন, খ্রিষ্টান দুজন, বৌদ্ধ চারজন, যুগ্ম সচিবের মধ্যে মুসলিম ৮০১ জন, হিন্দু ১২১ জন, খ্রিষ্টান তিনজন ও বৌদ্ধ দুজন। উপসচিবদের মধ্যে মুসলিম এক হাজার ১৭৩, হিন্দু ১২৮, খ্রিষ্টান একজন ও বৌদ্ধ আটজন।
রাজশাহী-৪ আসনের সাংসদ এনামুল হক জনপ্রশাসনে শুন্য পদের সংখ্যা এবং এসব পদে নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে প্রতিমন্ত্রীর কাছে জানতে চান। ইসমাত আরা সাদেক বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ে ২ লাখ ৭৫ হাজার ৯৬৪ পদ শূন্য আছে। এসব পদে নিয়োগের জন্য প্রক্রিয়া চলছে।