
জনজীবনে শৃঙ্খলা ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধান দায়িত্ব। রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে সে গুরুদায়িত্ব পালন করে জনপ্রশাসন, যা কেন্দ্র থেকে মাঠপর্যায় পর্যন্ত বিস্তৃত। শুধু গণতান্ত্রিক সরকার নয়, রাজতন্ত্র বা একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থায়ও একটি শক্তিশালী প্রশাসন অপরিহার্য। তবে সে ক্ষেত্রে না চাইলেও প্রশাসনকে ব্যক্তিবিশেষের ইচ্ছা-অনিচ্ছার সঙ্গে অনেক ক্ষেত্রে সমন্বয় করতে হবে। এ সীমাবদ্ধতাকে অস্বীকার করা যায় না। কিন্তু গণতান্ত্রিক শাসনব্যবস্থায় এ-জাতীয় সমস্যা থাকার কথা নয়। তবু থাকে, আমাদের মতো দেশে। আর অনেক বেশি পরিমাণই তা থাকে। আর আছে বলেই সে প্রশাসনের শৃঙ্খলা ও ন্যায্যতা প্রতিষ্ঠার কথা আসে। সে প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও ন্যায্যতা ফিরিয়ে আনার দাবিও উচ্চারিত হয়। যে সরষে দিয়ে ভূত তাড়ানোর কথা, সে সরষের মধ্যেই ভূতের অবস্থান। বৈদ্য আজ নিজেই রোগী। আর এ পরিস্থিতিতে রোগীর অবস্থা কেমন তা সহজেই অনুমেয়।
রাষ্ট্রের ধারণার সঙ্গে এর শাসনব্যবস্থাও অঙ্গাঙ্গিভাবে জড়িত। সে শাসনকাজে শাসকের সহায়তার জন্য সামরিক বাহিনী ছাড়াও বেসামরিক কর্মচারী নিয়োগ করা হতো আদিকাল থেকে। তবে তখন সেসব কর্মচারী নিযুক্ত হতো সম্পূর্ণ শাসকের ইচ্ছায়। কখনো বা বংশানুক্রমে। সেসব নিয়োগে যোগ্যতার পাশাপাশি উঁচু পদের জন্য অনেক ক্ষেত্রেই আভিজাত্য অপরিহার্য ছিল, এমনটাই জানা যায়। মেধাভিত্তিক জনপ্রশাসনের সূচনা প্রাচীন চীনে। খ্রিষ্টপূর্ব ২২১-২০৭ সময়কালে এর স্বল্পকালীন একটি প্রচেষ্টা থাকলেও পরে তা রদ হয়ে যায়। তবে ৯৬০ খ্রিষ্টাব্দে সং সাম্রাজ্যে আবার পূর্ণাঙ্গভাবে চালু হয়। দীর্ঘকাল তা বলবৎ ছিল। আভিজাত্য বা গোত্র বিবেচনায় নয়, শুধু মেধাই ছিল সে নিয়োগের ভিত্তি। আর প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমেই মেধা যাচাই হতো। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে জানা যায়, এর মাধ্যমে চীন সাম্রাজ্য একটি সুদক্ষ মেধাবী জনপ্রশাসন গড়ে তুলতে সক্ষম হয়। তারা ব্যাপক অবদান রাখে সাম্রাজ্যের অগ্রগতি ও স্থিতিশীলতায়। এভাবে নিযুক্ত কর্মকর্তাদের সাম্রাজ্যের সমাজ ও সংস্কৃতিতেও তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখার কথা জানা যায়। ব্যবস্থাটি বিশ্বের অন্যান্য দেশের নজরেও আসে। ইউরোপ এ পদ্ধতির প্রতি আকৃষ্ট হয়। তারা ষোড়শ শতাব্দী থেকে ক্রমান্বয়ে এ ধরনের সিভিল সার্ভিস প্রতিষ্ঠা করতে থাকে।
আমাদের উপমহাদেশে প্রথম একক সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় ৩৪০ খ্রিষ্টপূর্বে চন্দ্রগুপ্ত মৌর্য কর্তৃক। তাঁর প্রধান মন্ত্রণাদাতা ছিলেন কৌটিল্য। তিনি চাণক্য নামে সমধিক পরিচিত। সে সময়ে সুদক্ষ ও সুসংগঠিত একটি জনপ্রশাসন গড়ে তোলা হয়। সম্রাট আকবরের সময়েও একইভাবে ভারতে আবার একক সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। তাঁরও ছিল একটি দক্ষ জনপ্রশাসন। তাঁর দেওয়ান রাজা টোডরমলের নেতৃত্বে ব্যাপকভাবে বিন্যস্ত একটি ভূমি প্রশাসনব্যবস্থাও গড়ে তোলা হয় সে সময়। তবে তখন আনুষ্ঠানিক প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যবস্থা ছিল বলে জানা যায় না। তবে শাসকেরা কর্মচারী নিয়োগে তাঁদের যোগ্যতার বিষয়টিকেই প্রাধান্য দিতেন। এ দেশে আধুনিক জনপ্রশাসনের বিকাশ ব্রিটিশ শাসনামলে। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অতি উঁচু মানের মেধাবী কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ছিল সে সময়কার জনপ্রশাসনের সব অঙ্গ। ব্রিটিশ সাম্রাজ্য রক্ষায় তাঁরা সচেষ্ট ছিলেন সন্দেহ নেই। কিন্তু রাষ্ট্র পরিচালনায় তাঁদের যোগ্যতা ও দক্ষতা ছিল প্রশ্নাতীত। তাঁদের গড়ে তোলা প্রশাসনিক ও বিচারব্যবস্থা আর বহুসংখ্যক আইন আজও প্রাসঙ্গিক আমাদের কাছে। ১৯৪৭ সালের পর ভারতে তা প্রায় একই রূপে আছে। শুধু তাঁরা ভারতের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার চেতনায় অনুপ্রাণিত হয়েছেন। পাকিস্তানেও তা-ই ছিল। তবে আইয়ুব খান ক্ষমতা দখল করলে গণভোট ও তাঁর নির্বাচনের জন্য সরকারি কর্মচারীদের দলীয় কাজে ব্যবহারের প্রক্রিয়া প্রথম চালু করা হয়।

একাত্তরে স্বাধীনতা অর্জনের পর পর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জনপ্রশাসনকে পুনর্গঠন করে যুগোপযোগী করা উচিত ছিল। কিন্তু করা যায়নি। অবিবেচনাপ্রসূত কোটা পদ্ধতিও প্রশাসনের ভিত্তিকে দুর্বল করে ফেলে। তদুপরি দুটি সামরিক সরকার প্রশাসনকে তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে প্রয়াসী হয়। এতে দুর্বল হয়ে যায় প্রশাসনের ভিত্তি। তা ছাড়া বেসরকারি চাকরির তুলনায় সরকারি চাকরিতে বেতন-ভাতার অপ্রতুলতা ও নানা মহল থেকে তাঁদের মর্যাদা খাটো করার চেষ্টা মেধাবীদের বিরত করছে প্রশাসনে আসতে। আর যাঁরা আসেন, তাঁরাও বৈষম্যের শিকার হন। পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে তাঁদের অনেককে পড়তে হয় অবাঞ্ছিত বাধার মুখে। ন্যায্যতা থাকে প্রায়ই উপেক্ষিত। জনগণের জন্য ন্যায় ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যাঁদের দায়িত্ব, তাঁদের অনেকেই আজ অন্যায্যতা ও বিশৃঙ্খলার বলি।
শৃঙ্খলা প্রসঙ্গে কিছু আলোচনা করা আবশ্যক। অধীনস্থ কর্মকর্তাদের উপরস্থ কর্মকর্তারা বিধিসম্মত পদ্ধতিতে নিয়ন্ত্রণ করার কথা। এখন রাজনৈতিক হস্তক্ষেপে পরিস্থিতি বেশ কিছুটা বিরূপ আকৃতি ধারণ করেছে। পদোন্নতি ও পদায়নের সময়ে দলীয় আনুগত্য বিবেচনা প্রায় দুই দশক ধরে রেওয়াজে দাঁড়িয়ে গেছে। সরকার বদল হয়। প্রতিশ্রুতি থাকলেও পরিস্থিতি বদল হয় না। বদলি, পদোন্নতি ইত্যাদি বিষয়ে রাজনৈতিক নেতাদের কাছ থেকে সুপারিশ নেওয়া সরকারি কর্মচারীর আচরণবিধির পরিপন্থী। কিন্তু অনেক ক্ষেত্রেই বিশেষ করে মাঠ প্রশাসন ও পুলিশের জেলা ও উপজেলা পর্যায়ে এ ধরনের সুপারিশ ব্যতিরেকে কোনো পদায়ন ও বদলিই হয় না। বরং রাজনৈতিক নেতৃত্বের সুপারিশে অন্যায্য হয়রানিমূলক বদলির শিকার হতে হয় ন্যায়নিষ্ঠ কর্মকর্তাদের। সচিবালয়ের অবস্থা তথৈবচ। ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে কিংবা প্রতিহিংসার বশে ক্ষেত্রবিশেষে ওএসডি করা হয়। কর্মহীন থাকতে হয় দীর্ঘ সময়। কাউকে বা বাধ্যতামূলক অকালীন অবসরও দেওয়া হয়। অবশ্য এসব ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্বকে উপাদান জোগাড় করে দেন কিছু কিছু কর্মকর্তাই। তাঁদের কেউ কেউ আবার সময় বুঝে পতাকাও পাল্টে নেয়। এ ধরনের প্রক্রিয়া অনুসরণ জনপ্রশাসনের মনোবলে ভাটার টান পড়েছে। অনেকেই অন্যায্য আচরণের শিকার হচ্ছেন বারবার। আর অনেক ক্ষেত্রে তা লম্বা সময়ের জন্য। ক্ষেত্রবিশেষে কোনো যুক্তিসংগত কারণ ছাড়াই প্রবীণ কর্মকর্তাকে ডিঙিয়ে কেউ কেউ বসছেন ওপরের চেয়ারে। সে ক্ষেত্রে তিনি কি স্বাভাবিক আনুগত্য আশা করতে পারেন ওই কর্মকর্তার কাছে? রাজনৈতিক সংযোগ রেখে চলেন মাঠ প্রশাসন ও পুলিশের অনেক কর্মকর্তা। সচিবালয়েও তা আছে। ঊর্ধ্বতনের আদেশ তাঁরা অনেক ক্ষেত্রেই উপেক্ষা করেন। চেইন অব কমান্ড অনেকটা বিপন্ন, এটা বললে অত্যুক্তি হবে না।
বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ছিল সিভিল সার্ভিস আইন করা। উদ্যোগও নেওয়া হয়েছিল। কিন্তু আন্তরিকতা না থাকায় তা হয়নি। শিগগিরই হবে বলেও মনে হয় না। হলে অন্যায় হেনস্তার বেশ কিছু অবসান ঘটত। শৃঙ্খলাও কিছুটা ফিরে আসত। বৃদ্ধি পেত দক্ষতা। লাভ করত গতি। বর্তমান জনপ্রশাসনে যাঁরা আছেন, এ ব্যাপারে তাঁদেরও দায়িত্ব আছে। সততা, দক্ষতা, ন্যায়পরায়ণতা এবং আইন ও বিধিবিধানের প্রতি অবিচল থেকে দায়িত্ব পালন করলে তাঁদের ভাবমূর্তি উজ্জ্বল হবে। জনসমর্থন তৈরি হবে তাঁদের পক্ষে। তাঁরা চলে আসবেন অনেক শক্তিশালী অবস্থানে। এ লক্ষ্য অর্জনে সুশীল সমাজ ও গণমাধ্যমগুলোর ভূমিকাও জোরালো হওয়া বাঞ্ছনীয়।
গণতন্ত্রকে সমুন্নত রাখতে হলে রাষ্ট্রকে নাগরিকদের প্রত্যাশার দিকে মনোযোগী হতে হবে। সে প্রত্যাশা পূরণে রাজনৈতিক নেতৃত্বের জন্য আবশ্যক একটি দক্ষ ও শক্তিশালী প্রশাসনিক ব্যবস্থা। মেধাবী, দক্ষ ও নিবেদিত কর্মকর্তাদের সমন্বয়ে এ ধরনের একটি প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা আদৌ অসম্ভব নয়। এটা করতে প্রধানত প্রয়োজন রাজনৈতিক প্রত্যয়। গান্ধী, নেহরু, জিন্নাহ, শেরেবাংলা, সোহরাওয়ার্দী থেকে বঙ্গবন্ধু পর্যন্ত কাউকে রাজনৈতিক দলের কার্যক্রমের জন্য সরকারি কর্মকর্তাদের সহযোগিতা নিতে হয়নি। বরং অনেক ক্ষেত্রে তাঁদের বৈরিতার মধ্যেই এসব নেতা বিকশিত হয়েছেন। ব্যাপক জনসমর্থিত কোনো সরকারের কাছে রাজনৈতিক প্রয়োজনে কর্মচারীনির্ভরতা এতটা কাম্য কেন, তা বোধগম্য নয়।
সুশাসনের প্রয়োজনীয়তা সম্পর্কে গুণীজনেরা অনেক কথাই বলেছেন বিভিন্ন সময়। এখনো বলেন। সুজনের বিগত জাতীয় সম্মেলনের উদ্বোধনী ভাষণে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমানের একটি বক্তব্য এখানে খুবই প্রাসঙ্গিক। বক্তব্যে তিনি বলেছেন, ‘আমি জানি, এখন আমরা পৃথিবীর সবচেয়ে অবাসযোগ্য শহরে বাস করছি। এই শহরকে যাঁরা তিলোত্তমা করার ঘোষণা দিয়েছিলেন, তাঁরা সুশাসনের কথা স্মরণে রাখেননি। তিলোত্তমা দূরের কথা, সামান্য সহনযোগ্য বাসভূমি গড়ে তুলতে সুশাসন এক অপরিহার্য উপাদান। এ ব্যাপারে প্রথমেই আমাদের প্রয়োজন সুদক্ষ প্রশাসনিক কর্মকর্তা। অনেকের মতে, আমাদের প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে মাত্র শতকরা ২০ ভাগ কর্মদক্ষ। ইদানীং খবরের কাগজ মারফত আমরা জানতে পারছি, প্রশাসনের উচ্চপর্যায়ে বাইরে থেকে বা আউটসোর্সিং করে কর্মকর্তা নিয়োগ করা হবে। পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় মৌখিক নম্বর ২০০ করা হয়েছে “নিজেদের” লোককে সাহায্য করার জন্য। আউটসোর্সিং করে প্রশাসনে কর্মকর্তা নিয়োগ সাংবিধানিক প্রতিষ্ঠান পাবলিক সার্ভিস কমিশনের অধিকার ও দায়িত্বের সঙ্গে কি সামঞ্জস্যপূর্ণ?’
বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান দক্ষ কর্মকর্তার যে অনুপাতটি দিয়েছেন তা কম-বেশি হতে পারে। তবে বর্তমানে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি চলছে, তা অব্যাহত থাকলে সে সংখ্যাটি যে আরও নিচে নেমে আসবে, তাতে কোনো সন্দেহ নেই। তখন অবস্থাটা কেমন দাঁড়াবে ভাবলেও শিউরে উঠতে হয়।
আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব