দেশের বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন হবে কি না, তা নিয়ে সচিবালয়সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা সংশয়ে আছেন।
সরাসরি নির্বাচনী কাজে জড়িত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারদের কেউ কেউ মনে করছেন, দেশজুড়ে যেভাবে সংঘাত ছড়িয়ে পড়ছে, তাতে নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ নেই। তবে যেকোনোভাবে নির্বাচন হলেই যে শান্তি ফিরে আসবে, সেটাও তাঁরা মনে করেন না।
গতকাল মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেওয়ায় কর্মকর্তাদের মধ্যে এই সংশয় আরও বেড়েছে। কয়েক দিন ধরে সচিবালয়সহ বিভিন্ন দপ্তর ও মাঠ প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ মনোভাব পাওয়া গেছে। তবে এসব নিয়ে কেউ নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, সহিংস ঘটনায় ব্যক্তিগত পর্যায়ে কারও কারও মনে সংশয় থাকতেই পারে। কিন্তু এটা কর্মকর্তাদের দায়িত্ব পালনের ওপর কোনো প্রভাব ফেলবে না। কারণ, কর্মকর্তারা আইন অনুযায়ী কাজ করেন।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বলেন, গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সারা দেশে যেভাবে নাশকতা ঘটছে, তা নিয়ন্ত্রণ করা সহজ হবে বলে মনে হয় না। নির্বাচন ঘনিয়ে এলে সহিংসতাও আরও বাড়বে।
গতকাল যুব ও ক্রীড়া এবং তথ্যসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা হলে তাঁরা বলেন, এমনিতেই প্রধান বিরোধী দলবিহীন নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকে। এর মধ্যে জাতীয় পার্টি নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেওয়ায় এ নির্বাচন ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হবে।
তবে কর্মকর্তাদের কেউ কেউ মনে করছেন, এরশাদের এই ঘোষণা কোনো ‘খেলার’ অংশ। শেষ পর্যন্ত এরশাদ বর্তমান সরকারের সঙ্গেই থাকবেন। ফলে নির্বাচন অতটা কঠিন হবে না। আর এরশাদ থাকলে নির্বাচনের গ্রহণযোগ্যতা কিছুটা হলেও থাকবে।
বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরে দেখা গেছে, মন্ত্রীরা নির্বাচনমুখী হয়ে যাওয়ায় সচিবালয়ে কাজকর্মেও স্থবিরতা এসেছে। এই সুযোগে কর্মকর্তারা একে অন্যের সঙ্গে কথা বলেই সময় পার করছেন। তাঁদের আলোচনার বেশির ভাগ জুড়েই থাকছে নির্বাচন ও সাম্প্রতিক পরিস্থিতি। মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বলেন, প্রতিদিন সন্ধ্যায় অফিস ছেড়ে বাসার উদ্দেশে রাস্তায় বের হলেই ভয় লাগে।
মন্ত্রণালয়ে কর্মকর্তাদের কক্ষে গেলেই তাঁরা সাংবাদিকদের বলছেন, ‘আপনারা সাংবাদিক আপনাদের কাছে বেশি খবর আছে, বলেন তো নির্বাচন হবে কি না। দেশ আসলে কোন দিকে যাচ্ছে!’
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, মনে হচ্ছে নির্বাচন হবে না। সেনাবাহিনী কিংবা তাদের সমর্থনে কোনো সরকারও আসতে পারে। আবার নানা কৌশলে এই সরকারও দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, ‘সরকারি কর্মকর্তারাও দেশবাসীর অংশ। দেশের মানুষের মতো তাঁদের মধ্যেও এর প্রভাব পড়া স্বাভাবিক। সুতরাং তাঁদের মধ্যে সংশয় হতে পারে। তবে আমি আশা করব, তাঁরা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। কোনো ব্যক্তি বা দলবিশেষের কথায় চলবেন না।’