জনপ্রশাসনের কাজ অটোমেশনের আওতায় আসছে
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কার্যক্রমকে অটোমেশনের আওতায় আনা হচ্ছে। ‘নেটওয়ার্কিং, অটোমেশন ও ডেটাবেজ উন্নয়ন’ শীর্ষক এক কর্মসূচির আওতায় এটি করা হচ্ছে।
মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে বলা হয়, এই কর্মসূচির আওতায় পেনশন দেওয়া, বাজেট ব্যবস্থাপনা, কর্মকর্তাদের ছুটি ও শৃঙ্খলামূলক কার্যক্রম, কর্মকর্তাদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন ও ব্যক্তিগত তথ্য ব্যবস্থাপনা, পদ সৃজন ও ব্যবস্থাপনা কার্যক্রম আরও স্বচ্ছ এবং ডিজিটাল পদ্ধতিতে নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ইতিমধ্যে ই-ফাইলিং ব্যবস্থা উন্নয়ন করা হয়েছে এবং দুই হাজার ২৬ জন কর্মকর্তাকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ই-মেইল ব্যবহারের সুবিধা সম্প্রসারিত করা হয়েছে। বিসিএস প্রশাসন ক্যাডারের সব কর্মকর্তা ও অন্যান্য ক্যাডারের উপসচিব ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের চাকরি ও ব্যক্তিগত তথ্য-সম্পর্কিত ডেটাবেজ (পিএমআইএস) আধুনিকায়ন করা হয়েছে।
এ ছাড়া ইতিমধ্যে সব ক্যাডারের ২৯ হাজার ৫৫৮ জন (শতকরা ৬৮ ভাগ) কর্মকর্তা অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন এবং প্রাথমিক ডেটাবেজ প্রস্তুত করা হয়েছে।