জনপ্রশাসনের তিন স্তরে পদোন্নতি হচ্ছে
জনপ্রশাসনে উপসচিব থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত তিন স্তরে আরেক দফায় পদোন্নতি হচ্ছে। এখন পদোন্নতি পাওয়ার মতো যোগ্য কর্মকর্তাদের তালিকা প্রণয়নের কাজ চলছে। এ নিয়ে আজ বৃহস্পতিবার পদোন্নতি সংক্রান্ত সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সদস্যরাও বৈঠক করেছেন।
জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী সভার বিষয়টি নিশ্চিত করেন ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আজকের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও খুব শিগগিরই পদোন্নতি হবে। সর্বশেষ গত বছরের ১৩ জানুয়ারি অতিরিক্ত সচিব পদে ৮০ জনকে পদোন্নতি দেওয়া হয়েছিল। এরপর বড় কোনো পদোন্নতি হয়নি।
জনপ্রশাসনের কয়েকজন কর্মকর্তা বলেন, পর্যাপ্ত পদ না থাকা সত্ত্বেও কর্মকর্তাদের ঢালাওভাবে পদোন্নতি দেওয়ার কারণে জনপ্রশাসনে উপসচিব থেকে ওপরের স্তরের পদগুলোতে মাত্রাতিরিক্ত কর্মকর্তা হয়ে গেছেন। এর ফলে প্রশাসনে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিন্তু যোগ্যতা অর্জন করে থাকা কর্মকর্তাদের নিয়মিত পদোন্নতি না হলে চাকরির প্রতি তাঁদের আগ্রহ কমে যাবে। এসব বিবেচনা করে পদোন্নতি দিতে হচ্ছে ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, প্রশাসন ক্যাডারে মোট কর্মকর্তার সংখ্যা এখন প্রায় পাঁচ হাজার। গত ছয় বছরে কয়েক দফায় প্রায় আড়াই হাজার কর্মকর্তার পদোন্নতি হয়েছে। বর্তমানে উপসচিবের নিয়মিত (ডিউটি) পদ আছে ৮৩০টি। কিন্তু বর্তমানে উপসচিব আছেন এক হাজার ২৮৪ জন। নতুন করে আরও দুই শতাধিক কর্মকর্তার পদোন্নতির প্রক্রিয়া চলছে। এই স্তরে পদোন্নতির জন্য কর্মকর্তাদের পক্ষ থেকে চাপও আছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্যমতে, যুগ্ম সচিবের পদ আছে ৪৩০টি। বিপরীতে কর্মরত আছেন ৮৭৯ জন। অতিরিক্ত সচিবের ১০৭টি পদের বিপরীতে কর্মরত আছেন ২৫৬ জন। আর সচিব আছেন ৭৩ জন।
অন্যদিকে নিচের স্তরের জ্যেষ্ঠ সহকারী সচিব পদে এক হাজার ৫৯৯ ও সহকারী সচিব পদে এক হাজার ১৯০ জন কর্মকর্তা আছেন । এই দুই স্তরে আরও কর্মকর্তার প্রয়োজন বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে ।