জনপ্রশাসনের দায়িত্ব আশরাফকে ছেড়ে দিলেন প্রধানমন্ত্রী
>

স্থানীয় সরকার থেকে সরিয়ে দেওয়ার সাত দিনের মধ্যেই চাঞ্চল্যের অবসান
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়ার এক সপ্তাহের মাথায় নতুন দপ্তর পেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
সৎ রাজনীতিক হিসেবে পরিচিত সৈয়দ আশরাফ দপ্তর হারানোর পর দল ও সরকারের ভেতর-বাইরে এ নিয়ে নানা আলোচনা ও প্রতিক্রিয়া হয়। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করলেন। তাঁকে সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এই মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতেই ছিল।
গতকাল বৃহস্পতিবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ১৯৯১ সালে দেশে সংসদীয় সরকারব্যবস্থা প্রবর্তনের পর সব সময় এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রী। এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হলেন ইসমাত আরা সাদেক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আগের নাম ছিল সংস্থাপন মন্ত্রণালয়।
নতুন দায়িত্ব পেয়ে গতকাল সন্ধ্যায় সৈয়দ আশরাফ গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। এর আগে প্রজ্ঞাপন জারির পরপরই জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা ও সচিব কামাল আবদুল নাসের চৌধুরী বেইলি রোডের বাসভবনে গিয়ে সৈয়দ আশরাফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রীর আস্থাভাজন হিসেবে পরিচিত সৈয়দ আশরাফকে দপ্তরবিহীন মন্ত্রী করায় আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যে কিছু না বললেও কর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীরা মুক্তিযুদ্ধকালে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলের এভাবে বিদায় মেনে নিতে পারছিলেন না। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনের বাইরের মানুষের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া হয়। কয়েক দিন ধরে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ সিদ্ধান্তের সমালোচনা হয়। এতে সৈয়দ আশরাফের ব্যক্তিগত সততা ও দলে তাঁর প্রয়োজনীয়তার কথা আওয়ামী লীগের শুভানুধ্যায়ীরা তুলে ধরেন। ফলে প্রধানমন্ত্রীও দল ও সরকারে সৈয়দ আশরাফের প্রয়োজনীয়তা অনুধাবন করেন।
কাল বিকেলে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, সৈয়দ আশরাফ দলে অত্যন্ত জনপ্রিয়। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকবেন।
আওয়ামী লীগের পাঁচ-ছয়জন কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলে জানা যায়, ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর শেখ হাসিনার বন্দী হওয়া এবং প্রভাবশালী কয়েকজন নেতার উল্টোযাত্রার মধ্যে সৈয়দ আশরাফ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে তখনকার বিরূপ পরিস্থিতি সামাল দিয়ে দলীয় সভানেত্রীর পূর্ণ আস্থা অর্জন করেন। তিনি শেখ হাসিনাকে মুক্ত করা এবং জাতীয় নির্বাচন আদায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর থেকে তাঁকে দলের ‘দুর্দিনের কান্ডারি’ বলে মনে করেন দলের অনেকে।
সৈয়দ আশরাফের ১৫ জুলাই লন্ডন যাওয়ার সিদ্ধান্ত ছিল। দলে আলোচনা ছিল, তিনি লন্ডন গেলে আর না-ও ফিরতে পারেন। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বিষয়টি সুরাহা করার উদ্যোগ নেন। তিনি গত রোববার থেকে চার দিন সৈয়দ আশরাফের সঙ্গে কথা বলেন। লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানাও সৈয়দ আশরাফের সঙ্গে কয়েক দফা ফোনে কথা বলেন। এরপর গত মঙ্গলবার রাতে তিনি লন্ডনযাত্রা স্থগিত করেন।
আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা প্রথম আলোকে বলেন, দলে সৈয়দ আশরাফের প্রয়োজনীয়তা ও তাঁর ব্যক্তিগত গুণাবলি বিবেচনায় নিয়েই প্রধানমন্ত্রী তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন। এর আগে লতিফ সিদ্দিকীসহ গত মন্ত্রিসভার অনেককে বাদ দিলেও প্রধানমন্ত্রী তাঁর সিদ্ধান্তে অনড় ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী তাঁর সিদ্ধান্ত থেকে সরে আসলেন। এটাকে আমি ইতিবাচক হিসেবে দেখতে চাই। শোনা যাচ্ছিল, সৈয়দ আশরাফ কোনো মন্ত্রণালয় নিতে রাজি হচ্ছিলেন না। তিনি একজন সৎ ও মেধাবী রাজনীতিক। আশা করি তিনি কর্মতৎপর হবেন।’
বদিউল আলম বলেন, প্রধানমন্ত্রী আগে অনেক সিদ্ধান্ত নিয়েছেন, যা নিয়ে সমালোচনা রয়েছে। যেমন বিতর্কিত নির্বাচন এবং বিতর্কিত ও দুর্নীতিগ্রস্তদের মন্ত্রিসভায় রাখা। এঁদের ব্যাপারে তিনি শৈথিল্য দেখিয়ে আসছেন। তাঁর আশা, এসব ব্যাপারে প্রধানমন্ত্রী যথাযথ ব্যবস্থা নেবেন।
৭ জুলাই একনেক সভায় সৈয়দ আশরাফকে না দেখে শেখ হাসিনা অসন্তোষ প্রকাশ করেন বলে গণমাধ্যমে সংবাদ পরিবেশিত হয়। তখন তাঁকে সরানোর গুঞ্জন ছড়িয়ে পড়লেও তা গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু দুদিন বাদে ৯ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে সেই গুঞ্জন সত্যে পরিণত হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আশরাফকে সরিয়ে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে ওই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।