জনপ্রশাসনের দুই স্তরে পদোন্নতির উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রশাসনে খুব শিগগির উপসচিব ও অতিরিক্ত সচিব পর্যায়ে পদোন্নতি দেওয়া হচ্ছে। এ দুই স্তরে প্রায় ৩০০ কর্মকর্তার পদোন্নতি হতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন।
জনপ্রশাসন সূত্র জানায়, উপসচিব পদে আগেরবার বঞ্চিত কর্মকর্তাদের পাশাপাশি বিসিএসের ২০তম ব্যাচের কর্মকর্তারাও এবার স্থান পাচ্ছেন। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোনো কোনো কর্মকর্তা অতিরিক্ত সচিব পদে পদোন্নতির পক্ষে হলেও এখনই উপসচিব পদে পদোন্নতি দেওয়ার বিপক্ষে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, অতিরিক্ত সচিব পর্যায়ে বিসিএস ১৯৮৪ ব্যাচ পর্যন্ত বিবেচনায় নেওয়া হয়েছে।
বর্তমান সরকারের আমলে উপসচিব থেকে সচিব পর্যন্ত মোট দুই হাজার ৫২৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। এর মধ্যে সচিব পদে ৭৮, অতিরিক্ত সচিব পদে ২৯৩, যুগ্ম সচিব পদে এক হাজার ৯১ এবং উপসচিব পদে এক হাজার ৬৬ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। পদ না থাকায় অধিকাংশ কর্মকর্তা আগের পদেই চাকরি করে যাচ্ছেন।
জানতে চাইলে জনপ্রশাসনসচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলোকে বলেন, পর্যায়ক্রমে দুই স্তরে (উপসচিব ও অতিরিক্ত সচিব) পদোন্নতি দেওয়া হবে। তবে নির্বাচন সামনে রেখে প্রশাসন সাজানোর অভিযোগ ঠিক নয়। প্রশাসন স্বাভাবিকভাবেই চলছে।