জনপ্রশাসনের পেট আরও মোটা হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রশাসনে এখন অতিরিক্ত সচিবের সংখ্যা স্থায়ী পদের চেয়ে সাড়ে পাঁচ গুণ বেশি। সচিব হওয়ার আগের এই ধাপে পদ আছে এক শর কিছু বেশি। এখন অতিরিক্ত সচিব পদে কর্মকর্তা আছেন সাড়ে পাঁচ শ। ২০০৯ সালেও প্রশাসনে অতিরিক্ত সচিব ছিলেন ১৬৬ জন। ফলে অতিরিক্ত সচিবদের অনেকেই যুগ্ম সচিবের দায়িত্ব পালন করছেন। কোনো কোনো ক্ষেত্রে উপসচিবের পদেও আছেন।
একই অবস্থা যুগ্ম সচিব ও উপসচিব পদেও। যুগ্ম সচিবের স্থায়ী পদ সাড়ে চার শ, এখন কর্মরত আছেন ৬১৩ জন। যুগ্ম সচিব পদে ২০০৯ সালের নভেম্বরে কর্মরত ছিলেন ৩৯৭ জন কর্মকর্তা।
প্রশাসনে উপসচিবের পদ আছে সাড়ে আট শর মতো, কর্মরত আছেন ১ হাজার ৪৭৯ জন। এমনিতেই উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদে কর্মকর্তা বেশি ছিলেন। এ কারণে অনেকেই নিচের পদে কাজ করছেন। এর মধ্যে স্থায়ী পদ না থাকলেও প্রশাসনের এই তিন স্তরে গত রোববার আরও ৫৩৬ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ায় এই সমস্যা আরও বাড়বে।
তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, ভেবে চিন্তেই নতুন পদোন্নতি দেওয়া হয়েছে। এর আগে অনেক বেশি সংখ্যায় পদোন্নতি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া গেছে। এবারও কোনো সংকট সৃষ্টি হবে না বলে তিনি মনে করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, এভাবে জনপ্রশাসনে ওপরের স্তরে কর্মকর্তার সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। আবার নিচের স্তরে চাহিদার তুলনায় কর্মকর্তার সংখ্যা কম। ফলে ভারসাম্যহীন হয়ে পড়ছে জনপ্রশাসন। প্রশাসন ক্যাডারের কর্মকর্তারাই বর্তমান অবস্থাকে ‘পেট মোটা’ প্রশাসন বলে থাকেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, পদ না থাকলেও পদোন্নতি এবং অনেক জ্যেষ্ঠদের পেছনে ফেলে কনিষ্ঠদের পদোন্নতি দেওয়ায় জনপ্রশাসনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ক্ষোভ মেটাতে গিয়ে গত দুই বছরে তিনবার পদোন্নতি কাউকে খুশি করেছে, কেউ-বা নাখোশ হয়েছেন। ইতিমধ্যে যাঁদের পদোন্নতি দেওয়া হয়েছে, তাঁদের বেশির ভাগকে পদ অনুযায়ী কাজ দেওয়া যায়নি। আবার একই পদে একাধিক কর্মকর্তা থাকায় কাজের ভাগাভাগি নিয়েও সমস্যা হচ্ছে। অনুবিভাগ, অধিশাখা ও শাখা খুলে কাজ ভাগাভাগি করে দেওয়া হচ্ছে। অন্যদিকে নিচের পদে কর্মকর্তা কম থাকায় মাঠ প্রশাসনে কাজকর্মে সমস্যা হচ্ছে। সহকারী কমিশনার (ভূমি) পদে কর্মকর্তা কম থাকায় বেশ কিছু এলাকায় উপজেলায় নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ওই পদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে।

>প্রকৃতপক্ষে অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবেরা সচিবালয় প্রশাসনের অনেকটা মেরুদণ্ডের মতো।...সেই মেরুদণ্ডের আকৃতি স্বাভাবিকের চেয়ে বড় হয়ে গেলে কী হয়, তা সবাই বোঝেন। এ প্রসঙ্গে আলোচনা নিষ্প্রয়োজন
আলী ইমাম মজুমদার
সাবেক মন্ত্রিপরিষদ সচিব

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ২০১৮ সালের পরে এই সমস্যা অনেকটাই কেটে যাবে। আগামী দুই বছর এ অবস্থা চলবে। কারণ, আশির দশকে বিশেষ বিসিএসসহ কয়েকটি বিসিএসের ব্যাচে বিরাট সংখ্যক কর্মকর্তা নিয়োগ করা হয়। এঁদের অনেকেই ২০১৮ সালের মধ্যে অবসরে চলে যাবেন।
জানতে চাইলে সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম প্রথম আলোকে বলেন, ‘আমরা অন্যদের পাপের প্রায়শ্চিত্ত করছি। ১৯৮২ সালে বিসিএস নিয়মিত ব্যাচের সঙ্গে বিশেষ ব্যাচে সাড়ে ছয় শ কর্মকর্তা নিয়োগ করা হয়। উপজেলা ব্যবস্থা চালু করে ১৯৮৪ ও ৮৫ পর্যন্ত হাজারখানেক কর্মকর্তা নিয়োগ পান। সেই প্রভাব এখন প্রশাসনের ওপর পড়ছে।’ তিনি বলেন, তখন সস্তা জনপ্রিয়তা পেতে বা সিভিল সার্ভিসকে ধ্বংস করতে এসব অপরিকল্পিত নিয়োগ দেওয়া হয়। এখান থেকে সহজে বের হওয়া যাচ্ছে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সব সমালোচনা সত্ত্বেও আমি বলব জনপ্রশাসন এখন সঠিক পথে এগোচ্ছে। গত বছর, চলতি বছর ও আগামী বছর মিলে বড় সংখ্যক কর্মকর্তা অবসরে যাচ্ছেন। এতে ওপরের পদ কমে যাবে।’
জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, অবৈজ্ঞানিকভাবে সংখ্যা বৃদ্ধির ফলে আমলাতন্ত্রের কাঠামোয় যে ওলট-পালট হয়েছে, তাতে প্রশাসনের গতি ও গুণগত মান পড়তেই থাকবে। কর্মকর্তাদের আর্থিক সুবিধা ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাওয়ায় কারও কারও কাজের স্পৃহা তৈরি হলেও অনেকের বেলায় তা উল্টো হয়েছে।
কার্যবিধি অনুসারে সচিবালয়ে অনুবিভাগের প্রধান অতিরিক্ত কিংবা যুগ্ম সচিব। এখন প্রায় সব অনুবিভাগই অতিরিক্ত সচিবদের নিয়ন্ত্রণে। তাতেও পদের সংকুলান হচ্ছে না। যুগ্ম সচিবেরা অনেকেই উপসচিবের অধিশাখার দায়িত্ব পেয়েছেন অনুবিভাগ নামে। কোথাও-বা সেই যুগ্ম সচিবেরা অতিরিক্ত সচিবের মাধ্যমেই নথি পেশ করেন। সে ক্ষেত্রে তাঁকে অনুবিভাগ-প্রধানও বলা যাবে না।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, প্রকৃতপক্ষে অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবেরা সচিবালয় প্রশাসনের অনেকটা মেরুদণ্ডের মতো। তাঁরা গুটিকয়েক ক্ষেত্র ব্যতীত সরাসরি মন্ত্রীর কাছে নথি উপস্থাপন করতে পারেন। সেই মেরুদণ্ডের আকৃতি স্বাভাবিকের চেয়ে বড় হয়ে গেলে কী হয়, তা সবাই বোঝেন। এ প্রসঙ্গে আলোচনা নিষ্প্রয়োজন।
সচিবালয়ে খোঁজ নিয়ে জানা যায়, অতিরিক্ত সচিবদের কেউ নিম্ন পদে, বেশ কয়েকজন বেমানান প্রেষণ পদে রয়েছেন। নানা উপায়ে ওএসডির সংখ্যা কিছুটা কমানো গেলেও নতুন পদোন্নতির পর তা আবার বেসামাল অবস্থা সৃষ্টি করবে।
বছর কয়েক আগেও একটি মন্ত্রণালয়ে একজন, দুজন বা বড়জোর তিনজন অতিরিক্ত সচিব থাকতেন। এখন একটি মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব ১০-১২ জনও আছেন। যুগ্ম সচিবের বেশির ভাগ পদে অতিরিক্ত সচিবেরা কাজ করছেন।
জনপ্রশাসন বিশেষজ্ঞদের মত হচ্ছে, চাকরিতে যোগ দিলে পদোন্নতির প্রত্যাশা সবাই করেন। কিন্তু সেই পদোন্নতি দেওয়ার কথা একটি নির্ধারিত শূন্য বা শিগগিরই সম্ভাব্য শূন্য পদের বিপরীতে। যাঁর প্রত্যাশা যেখানেই থাকুক, এখানে সরকারের প্রয়োজনীয়তা তথা জনস্বার্থই বিবেচ্য বিষয় হওয়া উচিত। তা ছাড়া বাছাই-প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও নৈর্ব্যক্তিক, যা হচ্ছে না বলে তাঁরা মনে করছেন।
খোঁজ নিয়ে জানা যায়, জনপ্রশাসনে এখন সরকারবিরোধী মতের কর্মকর্তা খুব একটা নেই। সরকারি দলের সমর্থকেরাই প্রশাসনে নেতৃত্ব দিচ্ছেন, গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন। সরকারবিরোধী মতের কিছুসংখ্যক কর্মকর্তা থাকলেও তাঁরা কোণঠাসা, ওএসডি বা কম গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করছেন। যদিও সাম্প্রতিক সময়ে ওএসডির সংখ্যা অনেকটাই কমিয়ে এনেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তবে প্রশাসনে বিদ্যমান জনবল কাঠামো না মানার সমালোচনা করছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, বিদ্যমান কাঠামো অবাস্তব বা অবৈজ্ঞানিক হলে সরকার পর্যালোচনা করে সঠিক সংখ্যা নির্ধারণ করতে পারে। তাঁদের মতে, সেটি যেমন হয়নি, তেমনি এই পদোন্নতির সবটাই মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে হচ্ছে বলেও মনে হয় না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন এম আমিনুজ্জামান প্রথম আলোকে বলেন, এ ধরনের অপরিকল্পিত পদোন্নতির ফলে আমলাতন্ত্রের শৃঙ্খলা ক্ষুণ্ন হবে। তাঁর মতে, প্রশাসন পিরামিড পদ্ধতিতে চলার কথা থাকলেও এখন তা উল্টো পিরামিড হয়ে গেছে। এটা মোটেও ভালো লক্ষণ নয়। বিদ্যমান সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে তিনি নিয়োগ ও পদোন্নতির মৌলিক নীতিমালায় ফিরে যাওয়ার কথা বলেন। তবে এটা কতটা সম্ভব, তা নিয়ে সংশয় প্রকাশ করে ওই অধ্যাপক বলেন, কর্মকর্তাদের প্রত্যাশা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। একই ব্যাচের একজন যখন পদোন্নতি পান, আরেকজন তখন নিজেকে বঞ্চিত ভাবেন। এ কারণেও কাজের গতি অনেকটা কমে যায় বলে মনে করেন তিনি।