জনপ্রিয় চরিত্রগুলোর চলচ্চিত্রায়নের পক্ষে-বিপক্ষে বিতার্কিকদের মত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাঁরা পক্ষে ছিলেন তাঁরা বললেন, সাহ্যিতের জনপ্রিয় চরিত্রগুলোর চলচ্চিত্রায়নের ক্ষেত্রে পরিচালকদের বাণিজ্যিক উদ্দেশ্য থাকে, তাই চরিত্রগুলো বিকৃত হয়ে যায়। কাজেই জনপ্রিয় চরিত্রগুলোর চলচ্চিত্রায়ন হওয়া উচিত নয়। আর বিপক্ষে যাঁরা ছিলেন তাঁদের বক্তব্য, এসব চরিত্র চলচ্চিত্রায়নের মাধ্যমে পূর্ণতা পায়। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে গতকাল শুক্রবার ‘স্যান্ডালিনা-প্রথম আলো ভিকারুননিসা ডিবেটিং ক্লাব বিতর্ক প্রতিযোগিতা’য় ক্লাব পর্যায়ের বিতর্কের বিষয় ছিল ‘সাহিত্যের জনপ্রিয় চরিত্রগুলোর চলচ্চিত্রায়ন বন্ধ করা উচিত’। এমন বিষয় নিয়ে বিতর্ক করতে গিয়ে এভাবেই পক্ষে-বিপক্ষে নিজেদের বক্তব্য উপস্থাপন করেন বিতার্কিকেরা। সংসদীয় ধারার এ বিতর্কে সরকারি ও বিরোধী দল পরস্পরের পক্ষে যুক্তি উপস্থাপন করে। সরকারি দলের মতে, একজন পাঠক যখন বইয়ের মাধ্যমে সাহিত্য পড়ছে, তখন সে তার কল্পনায় চরিত্রকে রূপ দেওয়ার চেষ্টা করে। নিজেকে চরিত্রের সঙ্গে মেলানোর চেষ্টা করে পাঠক। বইয়ের ভাষা তার শব্দভান্ডারকে করে সমৃদ্ধ। এর ফলে পাঠকের সৃজনশীলতা বৃদ্ধি পায়। আর যখনই সাহিত্যের জনপ্রিয় চরিত্রকে চলচ্চিত্রায়ন করা হয়, তখন নির্মাতার মধ্যে থাকে বাণিজ্যিক চিন্তাভাবনা। বিরোধী দল সাহিত্যের জনপ্রিয় চরিত্রকে চলচ্চিত্রায়নের পক্ষে অবস্থান করে উপস্থাপন করেছে অন্য যুক্তি। তাদের মতে, নতুন প্রজন্মকে পুরোনোকালের সাহিত্যের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য প্রয়োজন সাহিত্যের চলচ্চিত্রায়ন। কেননা বইয়ের চেয়েও তাদের সঙ্গে সেতুবন্ধের জন্য চলচ্চিত্র অনেক বেশি যুগোপযোগী। এই সময় সরকারি দল হিসেবে বিতর্ক করছিল স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব ও বিরোধী দলে নর্থ সাউথ ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব। প্রথম রাউন্ডে বিজয়ী দলগুলো হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযৃক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়—বিজয়, লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং গ্রুপ অব ডিবেটরস—আবীর।আজ অনুষ্ঠিত হবে ক্লাব বিতর্কের দ্বিতীয় রাউন্ড ও শিশু বিতর্কের কোয়ার্টার ফাইনাল। ‘স্যান্ডালিনা-প্রথম আলো ভিকারুননিসা ডিবেটিং ক্লাব বিতর্ক প্রতিযোগিতা ২০১০’-এর রেডিও সঙ্গী এবিসি রেডিও এফএম ৮৯.২।