জনপ্রিয় টক জিলাপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ শহরের জিলা স্কুল মোড়ের টক জিলাপি  l প্রথম আলো
ময়মনসিংহ শহরের জিলা স্কুল মোড়ের টক জিলাপি l প্রথম আলো

দোকানে তৈরি ইফতারির মধ্যে কোনটা আপনার কাছে বিশেষ মনে হয়? ময়মনসিংহ শহরের বাসিন্দাদের কাছে এমন প্রশ্ন করা হলে এক বাক্যে সবাই এখন উত্তর দেন, জিলা স্কুল মোড়ের টক জিলাপি। গত কয়েক বছরে এই টক জিলাপি শহরবাসীর কাছে ইফতারিতে বিশেষ প্রিয় হয়ে উঠেছে। রোজার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত চলে টক জিলাপি কেনাবেচা।

ময়মনসিংহ শহরের জিলা স্কুল মোড় এলাকায় মো. জাকির হোসেন তৈরি করেছেন এই টক জিলাপি। জিলাপি তৈরিতে তিনি ব্যবহার করেন মাষকলাই ডালের গুঁড়া, চালের গুঁড়া, ময়দা, চিনি ও তেঁতুলের টক। সারা বছর তিনি এই জিলাপি তৈরি করেন। তবে রোজায় বিশেষত্ব আনা হয়। সারা বছর ১২০ টাকা কেজি দরের একধরনের জিলাপি তৈরি হয়। রোজায় একই জিলাপিতে যুক্ত হয় নতুন আরও দুই স্বাদ। ডাল ও চালের গুঁড়া পরিমাণে একটু বেশি দিয়ে তৈরি হয় ১৪০ টাকা কেজি দরের জিলাপি। দোকানের মালিক মো. জাকির হোসেন বলেন, ১৯৮৩ সাল থেকে তিনি এই জিলাপি তৈরি করছেন। আগে জিলা স্কুল মোড়ের এই দোকানে তিনি ছিলেন কর্মচারী। ১৭ বছর আগে তিনি এই দোকানের মালিক হয়েছেন। তিনি জানান, ৭ থেকে ৮ বছর ধরে এই জিলাপি জনপ্রিয় হয়ে উঠেছে। রোজায় প্রতিদিন ৬ মণ করে জিলাপি বানান তিনি।