জন্মজয়ন্তীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জনপ্রিয় সব ভাষায় নজরুলের সাহিত্যকর্ম অনুবাদের আহ্বান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সব জনপ্রিয় ভাষায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম অনুবাদের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, এ ব্যাপারে সরকার সব ধরনের সহায়তা দেবে।প্রধানমন্ত্রী বলেন, নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে তাঁর কিছু রচনা ইতিমধ্যে ইংরেজি, ফরাসি, লাতিন, চীনা, হিন্দি ও জার্মান ভাষায় অনূদিত হয়েছে এবং বর্তমানে আরবি ভাষায় অনুবাদের কাজ চলছে। গতকাল শুক্রবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৩তম জন্মজয়ন্তী এবং ‘বিদ্রোহী’ কবিতার ৯০তম বর্ষপূর্তি অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসসের।অনুষ্ঠানে ভারতের আইন, বিচার ও সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী সালমান খুরশিদ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম ও কবিপরিবারের সদস্য খিলখিল কাজী বক্তব্য দেন।নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, ইমেরিটাস অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নজরুলবিষয়ক সাবেক অধ্যাপক রফিকুল ইসলাম স্মারক বক্তব্য দেন। অনুষ্ঠানে আবৃত্তির ওপর সংস্কৃতি মন্ত্রণালয়ের সদস্য প্রবর্তিত সব্যসাচী পদক লাভ করেন বিশিষ্ট আবৃত্তিকার কাজী আবুজাফর সিদ্দিকী। জাতীয় কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শেখ হাসিনা বলেন, বাঙালি জীবনের এমন কোনো অনুষঙ্গ নেই, যেখানে নজরুলের চিন্তার ফসল নেই। কেবল ভাষা-সংস্কৃতি নয়, জীবনের প্রায় সব ক্ষেত্রে নজরুলভাবনা আমাদের অনুপ্রাণিত করে।‘বিদ্রোহী’ কবিতাকে কবি নজরুল ইসলামের অমর সৃষ্টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ৯০ বছর আগে কবির এই দীপ্ত উচ্চারণ আজও প্রতিটি বাঙালি এবং বাংলাভাষাভাষীকে সমানভাবে আলোড়িত করে। অন্যায়, অবিচার এবং শোষণের বিরুদ্ধে প্রতিবাদী হতে সাহস ও শক্তি জোগায়। শেখ হাসিনা বলেন, কবি হিসেবে তাঁর পক্ষে পরাধীনতার গ্লানি ও অপমান উপেক্ষা করা সম্ভব ছিল না। নজরুলের প্রায় সব রচনাতেই আর্তপীড়িত, ব্যথিত ও উপেক্ষিত মানবমনের ব্যথা কাব্যাকারে ফুটে উঠেছে। নজরুল বাংলা কবিতার ক্ষেত্রে শুধু বিদ্রোহ নয়, একটি বিপ্লব সংঘটিত করেছেন। প্রধানমন্ত্রী বলেন, নজরুল সাম্যের কবি, অসাম্প্রদায়িক কবি। তাঁর কাছে ধর্ম-গোত্র, জাত-কুল, ধনী-গরিব সব শ্রেণীর মানুষ সমান। ধর্ম নিয়ে বাড়াবাড়ি তিনি দেখেছিলেন। সে জন্য তিনি সাম্প্রদায়িকতা, ধর্মীয় গোঁড়ামি ও কূপমণ্ডূকতার বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন। মানবিকতাই ছিল তাঁর কাছে শেষ কথা।প্রধানমন্ত্রী বলেন, দ্রোহ কবি নজরুলের লেখনীর মূল সূর। কিন্তু এটাই তাঁর লেখনীর একমাত্র পরিচয় নয়। তাঁর লেখনীতে বিশেষ করে গানে প্রেম ও প্রকৃতি অপরূপ রূপে ধরা দিয়েছে।জাতীয় কবির স্মৃতি সংরক্ষণে তাঁর সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাঁর পূর্ববর্তী সরকারের মেয়াদে নানা আয়োজনে দুই বছরব্যাপী নজরুল জন্মশতবার্ষিকী পালন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে নজরুলের সমাধিসৌধ নির্মাণ করা হয় এবং নজরুলের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশাল, দরিরামপুর পাঠাগার মিলনায়তন ও গেস্ট হাউসের সুবিধাসহ ভবন নির্মাণের কাজ শুরু হয়। নজরুলসংগীতের স্বরলিপি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়। শুদ্ধ সুর ও বাণীতে নজরুলসংগীতের প্রশিক্ষক তৈরির জন্য সারা দেশে ৫০ জন সংগীতশিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়।সালমান খুরশিদ বলেন, কবি নজরুল বাংলাদেশ ও ভারতের মানুষের মধ্যে সেতুবন্ধ হিসেবে থাকবেন। নজরুল আমাদের অভিন্ন ঐতিহ্যের প্রতীকও। তিনি বলেন, কবির ১১৩তম জন্মবার্ষিকী ও ‘বিদ্রোহী’ কবিতার ৯০তম বর্ষ উদ্যাপনের সিদ্ধান্ত প্রতিবেশী দুটি দেশের মধ্যকার দ্বিপক্ষীয়, সাংস্কৃতিক ও রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এক বিশাল ঘটনা।