জনপ্রিয় হচ্ছে জ্যান্ত মাছ বিক্রি
ফরমালিনমুক্ত মাছ সরবরাহের পদ্ধতি হিসেবে পাবনায় জনপ্রিয় হয়ে উঠেছে জ্যান্ত মাছ বিক্রি। জেলা সদর, আটঘরিয়া, সাঁথিয়া ও ঈশ্বরদী উপজেলার বেশ কয়েকটি এলাকায় প্রতিদিন বসছে মাছের পাইকারি হাট। এসব মাছ সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়।
টেবুনিয়া হাটে গিয়ে দেখা যায়, টেবুনিয়া-আটঘরিয়া সড়কের পাশেই মাছের বিশাল হাট। সড়কের দুই পাশে প্লাস্টিকের ড্রাম সাজানো। শতাধিক ইঞ্জিনচালিত নসিমন, করিমন ও ট্রাক অপেক্ষা করছে মাছ পরিবহনের জন্য। হাটে ড্রামগুলোতে জ্যান্ত মাছ লাফালাফি করছে। রুই, কাতলা, পাঙাশ, চিতলসহ প্রায় সব ধরনের মাছই আছে এখানে। পাইকাররা মাছ কিনে এক ড্রাম থেকে অন্য ড্রামে ভরছেন।
জেলার ১০-১২ জন মৎস্যখামারি ও ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের বিরুদ্ধে ফরমালিনযুক্ত মাছ বিক্রির অভিযোগ ছিল। এ ছাড়া মরা মাছ পরিবহন ও বাজারজাতকরণে বিভিন্ন সমস্যা হচ্ছিল। ব্যবসায়ী ও মৎস্যখামারিরা এতে আর্থিক ক্ষতির মুখে পড়ছিলেন। এসব কিছু দেখে তাঁরা জ্যান্ত মাছ বিক্রির পরিকল্পনা করেন। মৎস্যশিকারিরা মাছ ধরার পর তা জ্যান্ত রাখার চেষ্টা করছেন। ড্রামে পানি দিয়ে মাছ সংরক্ষণ করা হচ্ছে। পরে সেসব মাছ নিয়ে যাওয়া হচ্ছে পাইকারি বাজারে। সেখান থেকে পাইকারি ব্যবসায়ীরা মাছ কিনে একই পদ্ধতিতে নিয়ে যাচ্ছেন খুচরা বাজারে।
আটঘরিয়া উপজেলার শ্রীকান্তপুর গ্রামের মৎস্যখামারি আজগর আলী বলেন, তিনি প্রায় ৬০ বিঘা জমির পুকুরে মাছ চাষ করেন। আগে মাছ বাঁশের ডালিতে করে বাজারে পাঠাতেন। এতে মাছ দ্রুত মরে যেত। ক্রেতারা ফরমালিনযুক্ত মাছ মনে করে সেগুলো কিনতেও চাইতেন না। বর্তমানে তিনি গাড়িতে পলিথিন বিছিয়ে ও ড্রামে পানি দিয়ে মাছ সরবরাহ করছেন।
উপজেলার কোন্দপপুর গ্রামের আনসের আলী বলেন, ‘তাজা মাছ বিক্রি করায় এহন সুবিধা বাড়িছে। আগে বাজারে নিয়ে মাছ বেচা লাগত। এহন পাইকারি ব্যবসায়ীরা পুকুরির থেন মাছ কিনে ট্রাকে নিয়ে যাচ্ছে।’
মাছের পাইকারি ব্যবসায়ী মোহাম্মদ শফিউল্লাহ বলেন, পাবনা সদরের সিঙ্গা বাইপাস, মাসুম বাজার ও বড় বাজার, আটঘরিয়া উপজেলার টেবুনিয়া ও ভরতপুর, ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া এবং সাঁথিয়া উপজেলার বেশ কিছু এলাকায় প্রতিদিন এসব মাছের পাইকারি হাট বসছে।
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পাবনার নয়টি উপজেলা থেকে বছরে ৬৩ হাজার মেট্রিক টন তাজা মাছ পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে বেশি মাছ উৎপাদিত হয় জেলা সদর, আটঘরিয়া, সাঁথিয়া ও ঈশ্বরদী উপজেলায়। জেলায় মাছের চাহিদা রয়েছে ৫৩ হাজার মেট্রিক টনের। ফলে বাকি ১০ হাজার মেট্রিক টন মাছ ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে সরবরাহ করা হয়।