জনপ্রিয় হচ্ছে বৈকালিক চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বৈকালিক বিশেষজ্ঞ চিকিৎসাসেবার কার্যক্রম। বিএসএমএমইউর কেবিন ব্লকের দোতলায় শুক্রবার ও সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখেন। এ ক্ষেত্রে রোগীকে ফি দিতে হয় ২০০ টাকা। এক টিকিটে এক মাসে দুবার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া যায়। গতকাল মঙ্গলবার কেবিন ব্লকে আসা রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের অধিকাংশই এসেছে রাজধানীর বাইরে থেকে। পটুয়াখালী থেকে পাঁচ বছরের ছেলেকে চিকিৎসা করাতে এসেছেন রত্না বেগম। একজন শিশুরোগ বিশেষজ্ঞ তাঁর ছেলেকে দেখেন। তিনি বলেন, চিকিৎসকেরা বেশ আন্তরিক। এর আগেও রত্না বেগম দুবার এখানে এসেছেন। যকৃতের সমস্যা নিয়ে মানিকগঞ্জ থেকে এসেছেন তুহিন হোসেন। রত্না ও তুহিন বলেন, এখানে অল্প টাকায় বড় ডাক্তারদের দেখানো যায়।২০১১ সালের অক্টোবরে সাতটি বিভাগ নিয়ে এই চিকিৎসাসেবার কার্যক্রম চালু করে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। প্রথম মাসে দুই হাজার ৮৩৪ জন রোগী বৈকালিক চিকিৎসা নেয়। চাহিদা বাড়ার কারণে কর্তৃপক্ষ বিভাগের সংখ্যা বাড়িয়ে ১১টি করেছে। গত মাসে পাঁচ হাজার ৭২৪ জন রোগী এখানে ডাক্তার দেখিয়েছে।বৈকালিক সেবা সম্পর্কে বিএসএমএমইউর উপাচার্য প্রাণ গোপাল দত্ত প্রথম আলোকে বলেন, চিকিৎসক ও রোগী উভয় পক্ষের কথা বিবেচনায় নিয়ে এই কার্যক্রম চালু করা হয়েছে। যেসব বিশেষজ্ঞ চিকিৎসক ব্যক্তিগত চেম্বারে রোগীপ্রতি ফি নেন পাঁচ থেকে আট শ টাকা, দুই শ টাকা দিয়ে তাঁদেরই দেখাতে পারে রোগীরা। এর মধ্যে ১০০ টাকা পান চিকিৎসক, নার্স ও সহকারীরা। বাকি ১০০ টাকা বিশ্ববিদ্যালয়ের তহবিলে জমা হয়। তিনি বলেন, পৃথিবীর অনেক দেশের বড় বড় হাসপাতালে এই ‘ইনস্টিটিউশনাল প্র্যাকটিস’ চালু আছে।এখন নাক, কান, গলা, মেডিসিন, ফিজিক্যাল মেডিসিন, শিশু, চর্ম ও যৌনরোগ, কার্ডিওলজি, গাইনি, গ্যাস্ট্রো-এন্টারোলজি, চক্ষুবিজ্ঞান, নেফ্রোলজি ও ইউরোলজি—এই বিভাগগুলো চালু আছে।প্রাণ গোপাল দত্ত বলেন, পর্যায়ক্রমে ৩২টি বিভাগকে বৈকালিক সেবা কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিন মাস পর রোগী দেখার সময় বাড়িয়ে বেলা তিনটা থেকে রাত আটটা করা হবে।