জনপ্রিয় হচ্ছে মোবাইল মানি অর্ডার, সেবার আওতা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় হয়ে উঠছে ডাক বিভাগের ইলেকট্রনিক মানি অর্ডার সার্ভিস (ইএমও) বা মোবাইল মানি অর্ডার সেবা। বর্তমানে জেলা ও উপজেলার দুই হাজার ৫৫১টি ডাকঘর থেকে এই সেবা দেওয়া হচ্ছে, যা প্রতি মাসে বাড়ানো হচ্ছে। ইএমওর মাধ্যমে দেশের প্রত্যন্ত এলাকায় বসেও কয়েক মিনিটের মধ্যে টাকা আদান-প্রদান করা সম্ভব। প্রায় দুই বছর আগে এ সুবিধা চালুর পর থেকে এ পর্যন্ত প্রায় এক কোটি ১৫ লাখ গ্রাহক সেবাটি নিয়েছেন। ২০১০ সালের ৫ মে দেশের প্রধান ডাকঘরগুলোসহ ১০০টি পয়েন্টে এই সেবা চালু করা হয়। কর্মকর্তারা বলছেন, সাধারণ মানুষের কাছে সেবাটি পরিচিত হতে সময় লাগলেও ক্রমেই তা জনপ্রিয় হয়ে উঠছে। ইলেকট্রনিক মানি অর্ডার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল আল মাহাবুব প্রথম আলোকে জানান, ৩১ মে পর্যন্ত ডাক বিভাগ প্রায় এক কোটি ১৫ লাখ গ্রাহকের দুই হাজার ৬০০ কোটির বেশি টাকা পাঠিয়েছে।ইলেকট্রনিক মানি অর্ডার সার্ভিসে টাকা পাঠানোর প্রক্রিয়ায় গ্রাহকের মুঠোফোনে একটি এমএসএস যায়। তাতে একটি গোপন নম্বর থাকে। এই নম্বর স্থানীয় যে ডাকঘরে এই সেবা আছে, সেখানে দেখালেই প্রাপক টাকা বুঝে পান। আবার প্রাপক টাকা বুঝে পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর মুঠোফোনে একটি নিশ্চিতকরণ বার্তা পৌঁছে যাবে। ইএমও পদ্ধতিতে টাকা পাঠাতে প্রথম এক হাজারের জন্য প্রেরককে ২৭ টাকা ও পরবর্তী প্রতি হাজারে ১০ টাকা সার্ভিস চার্জ দিতে হয়। ইএমওতে টাকা পাঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি স্নাতক শিক্ষার্থী আবদুল জলিল। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমার গ্রামের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুরে। আগে বাড়ি থেকে মানি অর্ডারে টাকা পেতে কয়েক দিন লেগে যেত। টাকা পাওয়া নিয়েও দুশ্চিন্তায় থাকতে হতো। কিন্তু এখন ডাক বিভাগের মোবাইল মানি অর্ডারের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যেই টাকা পেয়ে যাচ্ছি। এটি অনেক নিরাপদও।’চাঁদপুর জেলার শাহ্রাস্তি উপজেলার হরেন্দ্র দাস বলেন, ঢাকায় আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। প্রতিমাসে তাঁকে টাকা পাঠাতে আমি ডাক বিভাগের মোবাইল মানি অর্ডার সার্ভিসের সাহায্য নিয়ে থাকি। এর মাধ্যমে অনেক সহজেই টাকা পাঠানো যায়।ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল আল মাহাবুব জানান, ইএমও সার্ভিসের জন্য এখন বাংলালিংকের নেটওয়ার্ক ব্যবহার করা হচ্ছে। তাই যেসব স্থানে এই নেটওয়ার্ক নেই, সেখানে আপাতত এই সেবা চালু করা যাচ্ছে না। তবে শিগগিরই বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। ভালো সেবার স্বীকৃতি হিসেবে ইলেকট্রনিক মানি অর্ডার সার্ভিস ২০১১ সালে ডিজিটাল উদ্ভাবনী মেলায় ই-ফাইন্যান্স বিভাগে সেরা পুরস্কার পেয়েছে। এ ছাড়া একই বছর দিল্লিতে দক্ষিণ এশিয়ার আটটি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এম বিলিয়নথ অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজস্ব বিভাগে পুরস্কার পাওয়ার পাশাপাশি ‘মোস্ট ইনোভেটিভ প্রডাক্ট অব দ্য ইয়ার ২০১১’ হিসেবেও পুরস্কৃত হয়।ডাক বিভাগের মহাপরিচালক নায়েব দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘মোবাইল মানি অর্ডার সেবাটি সাধারণ মানুষ সাদরেই গ্রহণ করেছে। দেশের নয় হাজার ৮৮৬টি ডাকঘরেই ডাক বিভাগ এই সেবা পৌঁছে দিতে চায়। তবে মোবাইলের নেটওয়ার্ক নেই বলে অনেক স্থানে এই সেবা দেওয়া যাচ্ছে না। তিনি বলেন, ‘আমরা এই সেবার জন্য কোনো বিজ্ঞাপন দিই না। তার পরও মানুষের যে সাড়া পাওয়া যাচ্ছে, তা সত্যিই অবাক করার মতো।’মহাপরিচালক জানান, এ বছর এক হাজার ডাকঘরকে ইএমও সেবার আওতায় আনা হচ্ছে। এর মধ্যে অনেকগুলোর কাজ শেষ হয়েছে।