জনপ্রিয় হয়ে উঠছে স্থায়ী জনবল দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশ-পুর উপজেলার হামিদনগরে বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর জনপ্রিয় হয়ে উঠছে। প্রতিদিন গড়ে এখানে অন্তত ২০০ জন পাঠক ও দর্শনার্থী আসে। গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটি আরও জনপ্রিয় করতে তুলতে এখানে স্থায়ী জনবল নিয়োগের দাবি উঠেছে।মহেশপুর উপজেলার খোর্দ্দখালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। পরে তাঁর নামানুসারে ওই গ্রামের নামকরণ করা হয় হামিদনগর। ২০০৮ সালে সেখানে প্রতিষ্ঠা করা হয় বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমান গ্রন্থাগার ও জাদুঘর। সম্প্রতি ওই গ্রন্থাগার ও জাদুঘরে গিয়ে কথা হয় এর তত্ত্বাবধায়ক মোস্তাফিজুর রহমান ও গ্রন্থাগারিক টিপু সুলতানের সঙ্গে। মোস্তাফিজুর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা আর টিপু ভাগনে। শুরু থেকেই তাঁরা আছেন এই জাদুঘরের সঙ্গে। মোস্তাফিজুর জানান, গ্রন্থাগারে পাঁচ হাজারেরও বেশি বই রয়েছে। প্রতিদিন দুটি পত্রিকা রাখা হয়। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে গ্রন্থাগার ও জাদুঘর। গড়ে প্রতিদিন ১৮০ থেকে ২০০ জন পাঠক ও দর্শনার্থী এখানে আসে।জাদুঘরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের তেমন কোনো স্মৃতিচিহ্ন দেখা যায়নি। তবে তাঁর বেশ কিছু ছবি ও ম্যুরালচিত্র রয়েছে। গ্রন্থাগারে ঢুকে দেখা গেল কয়েকজন শিক্ষার্থী বই পড়ছে। তাদের একজন খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী শারমিন আক্তার। সে বলে, ‘এখানে মাঝেমধ্যেই আসা হয়। বিদ্যালয় ছুটির পরই আসা হয় বেশি।’ একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী নাসরিন আক্তার জানায়, এখানে মুক্তিযুদ্ধের অনেক বই আছে। মুক্তিযুদ্ধের ইতিহাস জানার ইচ্ছা থেকে সে বই পড়তে আসে।স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম জানান, গ্রন্থাগার ও জাদুঘরের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তাই অন্তত সন্ধ্যা পর্যন্ত এটি খোলা রাখা প্রয়োজন। তিনি বলেন, চুক্তিভিত্তিক লোক নিয়োগ দেওয়ায় পাঠক ও দর্শনার্থীরা নানা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি এই প্রতিষ্ঠানে স্থায়ীভাবে জনবল নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।টিপু সুলতান জানান, তাঁরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিষ্ঠানটি খোলা রেখে দায়িত্ব পালন করছেন। কিন্তু কাজের মূল্যায়ন হচ্ছে না। ১৮০ টাকা দৈনিক মজুরির ভিত্তিতে তাঁদের অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু চাকরি স্থায়ী করা হচ্ছে না। তিনি চাকরি স্থায়ী করার জন্য সরকারের প্রতি দাবি জানান।বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ছোট ভাই ফজলুর রহমান বলেন, জাদুঘর ঝাড়ু দেওয়া বা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কোনো লোক নেই। তত্ত্বাবধায়ক ও গ্রন্থাগারিককেই এসব কাজ করতে হয়। আর চাকরি অস্থায়ী হওয়ায় তাঁরা এতে পুরোপুরি মনোযোগ দিতে পারেন না। তাই তিনি স্থায়ী জনবল নিয়োগের দাবি জানান।মোস্তাফিজুর ও টিপু সুলতান ঝিনাইদহ জেলা পরিষদ থেকে তাঁদের পারিশ্রমিক পান। যোগাযোগ করা হলে ঝিনাইদহ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবদুল হালিম মোল্লা জানান, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান গ্রন্থাগার ও জাদুঘরে স্থায়ীভাবে জনবল নিয়োগ দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।