
কুষ্টিয়ায় বিএনপির নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুন্সী রশিদুর রহমান হত্যায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে। গতকাল সোমবার রাতে তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়।
পুলিশের প্রাথমিক ধারণা ও এলাকায় সরেজমিনে খোঁজ দিয়ে জানা গেছে, এলাকায় জনপ্রিয়তা ও দলীয় অন্তঃকোন্দলে পরিকল্পিতভাবে মুন্সী রশিদুর রহমানকে হত্যা করা হয়ে থাকতে পারে।
আটক ব্যক্তিরা হলেন কুমারখালীর সদকী ইউনিয়নের বানিয়াকান্দি গ্রামের হাফিজুর রহমান ওরফে খোকন, তাঁর ভাই কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মুস্তাফিজুর রহমান ওরফে তুহিন ও ওষুধের দোকানের মালিক জিল্লুর রহমান।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে লাশ ময়নাতদন্ত শেষে গতকাল বেলা তিনটায় গ্রামের কবরস্থানে রশিদুর রহমানকে দাফন করা হয়। গত রোববার সন্ধ্যায় মহেন্দ্রপুর বাজারে সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন।
সরেজমনি দেখা যায়, গতকাল সকাল ১০টায় লাশ মহেন্দ্রপুরের গ্রামের বাড়িতে পৌঁছালে সেখানে কয়েক হাজার মানুষ ভিড়। এক বৃদ্ধা বলেন, ‘চিয়ারমিন খুব ভালো ছিল। এই জন্যিই তাক দেকবার আইছি।’
রাতেই ঢাকা থেকে গ্রামের বাড়িতে চলে আসেন চেয়ারম্যানের স্ত্রী সালমা পারভীন ও তাঁর দুই ছেলে ফারহান রহমান ও রাইয়ান রহমান। নয় বছর ধরে দুই সন্তানকে নিয়ে তিনি ঢাকা থাকেন। কলেজ ও স্কুলে পড়াশোনা করে তারা। থাকেন মোহামঞ্চদপুরে।
সালমা বলেন, রোববার দুপুরে চেয়ারম্যান মুঠোফোনে জানান, ‘আমি ঘুমাতে যাচ্ছি।’ এটাই যেন জীবনের শেষ কথা হয়ে গেল। দলীয় কোন্দল বা অন্য কোনো কারণে হত্যা হয়েছে কি না—তার কোনো কিনারা খুঁজে পাচ্ছেন না। তবে সুষ্ঠু ও ন্যায়বিচার আশা করেন তিনি।
মুন্সী রশিদুর রহমানের দেহরক্ষী শহিদুর রহমান জানান, চেয়ারম্যান বাজারের পশ্চিম দিকের একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন। সাড়ে পাঁচটার পর বিএনপির নেতা খন্দকার মুস্তাফিজুর রহমান ওরফে তুহিন তাঁকে ডেকে নিয়ে জিল্লুর রহমানের ওষুধের দোকানে যান। চেয়ারম্যান পান আনতে বললে তিনি পাশের দোকানে চলে যান। আসা মাত্রই গুলির শব্দ শুনতে পান। দৌড়ে গিয়ে দেখতে পান চেয়ারম্যান মেঝেতে পড়ে আছেন।
হত্যার প্রতিবাদে জেলা বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।