জনপ্রিয়তা যাচাইয়ে নির্বাচনে যাচ্ছি: এরশাদ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ এবার বলেছেন, ‘আওয়ামী লীগের জনপ্রিয়তা শূন্যের কোঠায়। কেউ এখন আর নৌকায় ভোট দেবে না। এ জন্য আমার জনপ্রিয়তা যাচাই করতে নির্বাচনে যাচ্ছি।’
আজ সোমবার দুপুরে রাজধানীর বনানীতে নিজের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ এ কথা বলেন। এ নিয়ে জাপার নির্বাচনে অংশগ্রহণ করার যুক্তি হিসেবে গত চার দিনে তিন রকম কথা বলেন এরশাদ।
২১ নভেম্বর জাতীয় ছাত্রসমাজের যোগদান অনুষ্ঠানে এরশাদ বলেছিলেন, ‘সরকারকে সতর্ক করতে বিভিন্ন সময়ে বলেছি, বিরোধী দল না এলে আমি নির্বাচনে যাব না।’
২৩ নভেম্বর কাকরাইলে জাতীয় যুব সংহতির সমাবেশে এরশাদ বলেছিলেন, নির্বাচনে অংশগ্রহণ না করলে অন্য দলের সঙ্গে সহিংস আন্দোলনে যেতে হতো, গাড়িতে আগুন দিতে হতো, ছেলেদের পুড়িয়ে মারতে হতো, হরতাল করতে হতো। তিনি সে রাজনীতিতে বিশ্বাস করেন না। তাই নির্বাচনে গেছেন।
এরশাদ বলেন, ‘সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রীর অধীনেই নির্বাচন হতে হবে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। আমরা তো বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছি, বিএনপি না এলে কী করার আছে।’
নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) আছে কি না, এ প্রশ্নের জবাবে এরশাদ বলেন, নির্বাচনে সেই অর্থে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। যদিও এই নির্বাচন কমিশন নিয়ে বিতর্ক আছে, তার পরও তাদের অধীনেই নির্বাচনে যেতে হবে।
এর আগে বনানীর কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদের মুখপাত্র ও জাপার সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, সর্বদলীয় সরকারের মন্ত্রিসভায় যোগ দিয়ে এরশাদ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা সময়ই বলে দেবে।
ফরম বিক্রির শেষ দিন কাল: কাল মঙ্গলবারও জাপার মনোনয়ন ফরম বিক্রি করা হবে। আজ সোমবার ফরম বিক্রির শেষ দিন থাকলেও এক দিন সময় বাড়ানো হয়েছে। আজ পর্যন্ত এক হাজার ৩৪৩টি ফরম বিক্রি হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।