জনপ্রিয়তাই কাল হলো আবছারের
‘যহন আঁই ফুন্নিদে আঁর পুয়ারে মারি ফেলাইয়্যে, আঁই বিশ্বাস ন গরি। কারণ, আঁর পুয়ার কোনো দুশমন নাই। কিন্তু কবর কুড়ার হবর ফুনি বুজ্জি আঁর পুয়া আর নাই। মোনাইফ্যা কেন গরি আঁর পুয়ারে মারি ফেইল্ল!’ (যখন শুনি যে আমার ছেলেকে মেরে ফেলেছে, আমি বিশ্বাস করিনি। কারণ, আমার ছেলের কোনো শত্রু নেই। কিন্তু কবর খোঁড়ার খবর শুনে বুঝতে পারি, আমার ছেলে আর নেই। মোনাফ আমার ছেলেকে কীভাবে মেরে ফেলল!)।সাতকানিয়ার নলুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আবছারের বাবা আহমদ হোসেন নিজ বাড়ির উঠানে এভাবেই বিলাপ করছিলেন। বাবার মতো মা, ভাই-বোন এমনকি আশপাশের গ্রাম থেকে আসা লোকজনের চাপা কান্নায় গতকাল ভারী হয়ে ওঠে বাড়ির উঠান। এলাকার মানুষের একটাই মন্তব্য, জনপ্রিয়তাই কাল হয়েছে নুরুল আবছারের।পার্শ্ববর্তী দোহাজারী ইউপির চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ প্রথম আলোকে জানান, বিগত ইউপি নির্বাচনে নুরুল আবছার অনেকটা অপ্রত্যাশিতভাবে প্রার্থী হন এবং জিতে যান। এ সময় সাতকানিয়ার ক্ষমতাসীন দলের নেতারা তাঁর জয় মেনে নিতে পারেননি। ফলে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি নেতাদের রোষানলে ছিলেন।আবছারের বাবা আহমদ হোসেন সরাসরি অভিযোগ করেন, সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোনাফকে এ হত্যাকাণ্ডের জন্য তিনি সবচেয়ে বেশি সন্দেহ করেন। আবদুল মোনাফ ও নুরুল আবছারের বাড়ি একই ইউনিয়নে। মোনাফও আওয়ামী লীগের নেতা। তবে থানা বা জেলা কমিটিতে তাঁর কোনো নাম নেই। একসময় তিনি দক্ষিণ চট্টগ্রামের জাফর আহমদ চৌধুরীর গ্রুপে সংশ্লিষ্ট ছিলেন। পরবর্তী সময়ে এ গ্রুপটি নিষ্ক্রিয় হয়ে গেলে মোনাফ ভিড়ে যান আখতারুজ্জামান চৌধুরী ওরফে বাবুর গ্রুপে। কিন্তু নুরুল আবছার থেকে যান জাফর আহমদ চৌধুরীর গ্রুপে। বিগত ইউপি নির্বাচনে আবদুল মোনাফ নলুয়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সমর্থন দেন সনজিৎ কারণ নামের একজনকে। কিন্তু নির্বাচনে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়। ইউপি চেয়ারম্যান হন নুরুল আবছার। এরপর স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের মাঠে নুরুল আবছারের সংবর্ধনার আয়োজন করা হয়। তাতে সাংসদ চেমন আরা তৈয়বকে প্রধান অতিথি এবং মোনাফকে বিশেষ অতিথি রাখা হয়। কিন্তু মোনাফ তাতে আসেননি। এরপর সাতকানিয়ায় দুটি পৃথক বিজয় মেলার আয়োজন করা হলে মোনাফ ও আবছার পৃথক পৃথক অবস্থান নেন। এভাবে দুজনই তাঁদের দ্বন্দ্ব জিইয়ে রাখেন। তবে তা কখনো তীব্র আকার নেয়নি।নলুয়া ইউনিয়নের বাসিন্দা ও একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা খোরশেদ কাদেরি প্রথম আলোকে জানান, আবছার নির্বাচিত হওয়ার পর থেকে ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। তাঁর বয়স অপেক্ষাকৃত কম হলেও তাঁকে খুবই প্রজ্ঞাবান মনে হতো। তিনি ডলু নদের পাড়ে কিছু সরকারি খাসজমি খাগরিয়া ইউনিয়ন থেকে উদ্ধার করেন। এরপর নিজ ইউনিয়নের ভূমিহীন লোকজনকে সেখানে চাষাবাদের সুযোগ করে দেন। এ নিয়েও পাশের ইউনিয়নের লোকজনের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়।১৪ বছরে পাঁচ ইউপি চেয়ারম্যান খুন: সাতকানিয়া উপজেলায় ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত পাঁচজন ইউপি চেয়ারম্যান খুন হয়েছেন। ১৯৯৭ সালে প্রথম খুন হন সাতকানিয়া সদর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা আমজাদ হোসেন। একই বছর খুন হন এওচিয়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল কবির। ২০০৪ সালের আগস্টে র্যাবের ক্রসফায়ারে নিহত হন এওচিয়ার চেয়ারম্যান আহমদুর রহমান চৌধুরী। একই বছর খুন হন খাগরিয়ার চেয়ারম্যান ও জামায়াত থেকে বিএনপিতে যোগদানকারী আমিনুল ইসলাম। সর্বশেষ খুন হলেন নুরুল আবছার।