জনবল, আবাসনসহ নানা সমস্যায় জর্জরিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মহানগরের দৌলতপুরে সরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (প্রচলিত নাম কৃষি কলেজ) জনবল, আবাসন ও শিক্ষা উপকরণের অভাবসহ নানা সমস্যায় জর্জরিত।প্রথম বর্ষের ছাত্র মো. আরিফুর রহমান বলেন, ‘প্রথম পর্বের বই নির্দিষ্ট সময়ে পেলেও দ্বিতীয় পর্বের বই নির্দিষ্ট সময়ের প্রায় দুই মাস পরে পেয়েছি। ক্লাসও ঠিকমতো হয় না। এবারের কোর্স শেষ করতে বেশ কষ্ট পেতে হবে।’সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৩৯ সালে শেরেবাংলা এ কে ফজলুল হক কৃষকদের প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। ১৯৯৫ সাল থেকে এখানে তিন বছরমেয়াদি ডিপ্লোমা ইন এগ্রিকালচার কোর্স চালু হয়। পরে ২০০১ সালে এ কোর্সটি চার বছর মেয়াদে উন্নীত করা হয়। বর্তমানে এখানে বিভিন্ন বর্ষের ৮০০ শিক্ষার্থী রয়েছেন। শিক্ষার্থীর সংখ্যা অনুপাতে এখানে অন্তত ২৫ জন শিক্ষক থাকার কথা। কিন্তু অনুমোদিত জনবল আছে ১০ জন শিক্ষকসহ মোট ১৪ জন। তাঁদের মধ্যে মুখ্য প্রশিক্ষক (শিক্ষক), অফিস সহকারী, দুটি সুইপার ও ইলেক্ট্রিশিয়ানের পদ শূন্য রয়েছে। ১৯৯৭ সালে ছাত্রাবাস তৈরি হয়। ২০০৭ সালে ছাত্রীনিবাসের কাজ শুরু হলেও এখন পর্যন্ত এর নির্মাণকাজ শেষ হয়নি।গত শনিবার সকাল ১০টার দিকে সরেজমিনে দেখা গেছে, দক্ষিণমুখী দোতলা মূল ভবনের নিচতলা প্রশাসনিক এবং দ্বিতীয় তলা অ্যাকাডেমিক কাজের জন্য ব্যবহার করা হয়। এই ভবনের পেছনের একটি একতলা টিনের ঘরে অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। কাছেই ছাত্রাবাসের একটি দোতলা ভবন এবং পাঁচটি টিনের ঘর। দোতলা ভবনে ছাত্ররা গাদাগাদি করে বাস করছেন। আর টিনের ঘরগুলোর অবস্থা খুবই খারাপ। বৃষ্টির পানিতে ঘরগুলোর সামনের আঙিনা ডুবে রয়েছে। টয়লেটগুলো ভেঙে পড়ছে। আর চারতলা ছাত্রীনিবাসের নির্মাণকাজ এখনো শেষ হয়নি।হল নিয়ন্ত্রক অতুল কৃষ্ণ মল্লিক বলেন, ‘শিক্ষকের সংকট তো আছেই। প্রতিদিন চার-পাঁচটি ক্লাস নিতে গিয়ে খুব কষ্ট হয়ে যায়। তা ছাড়া আমাদের কোয়ার্টার ও ছাত্রাবাসগুলো অত্যন্ত খারাপ। এগুলো ঠিক করা দরকার।’অধ্যক্ষ নির্মল কান্তি দাস প্রথম আলোকে বলেন, ‘সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ৩০ জন শিক্ষার্থীর জন্য একজন করে শিক্ষক থাকার কথা। সেই অনুপাতে আমাদের শিক্ষক কম। শিক্ষা উপকরণেরও অভাব রয়েছে। আর ছাত্রাবাসের সংস্কার জরুরি দরকার।’