জনবল, যন্ত্রপাতির অভাব ও জলাবদ্ধতায় রোগীরা নাকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনবল, যন্ত্রপাতির অভাব ও জলাবদ্ধতার কারণে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে রোগী ও তাদের স্বজনদের নাকাল হতে হচ্ছে। পুরো হাসপাতালের নিচতলার মেঝে স্যাঁতস্যাঁতে। নতুন ভবনের সামনে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ অবস্থায় বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের রোগীদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। গত সোমবার বেলা ১১টায় সরেজমিনে গিয়ে এসব তথ্য জানা গেছে।হাসপাতাল সূত্রে জানা যায়, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ৫০০ শয্যা রয়েছে। এসব শয্যার বিপরীতে পর্যাপ্ত জনবল ও যন্ত্রপাতি লাগানো হয়নি। এই হাসপাতালে গতকাল ৭৩৩ জন রোগী ভর্তি ছিল। গত রোববার ওই সংখ্যা ছিল ৭৫৩ জন। বহির্বিভাগে গতকাল রোগীর সংখ্যা ছিল এক হাজার দুজন আর গত রোববার ছিল ৯২৮ জন। রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, চিকিৎসক ও পর্যাপ্ত জনবল না থাকায় রোগীরা সেবা পাচ্ছে না। হাসপাতালের নতুন ভবনের নিচতলার বহির্বিভাগে গিয়ে দেখা গেছে, ৭০০-৮০০ রোগী টিকিটের জন্য জটলা করে আছে। ১০ টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করে অনেকে চিকিৎসককে খুঁজে পাচ্ছে না। কেউ কেউ পেলেও দীর্ঘ সারিতে অপেক্ষা করতে হচ্ছে।এ প্রসঙ্গে হাসপাতালের পরিচালক মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এখানে প্রথম শ্রেণীর ১৪৪টি পদের মধ্যে ২০টি শূন্য, সেবক-সেবিকাদের ৭৪টি পদের মধ্যে ৩০টি শূন্য, তৃতীয় শ্রেণীর ৬১টি পদের মধ্যে ১২টি শূন্য এবং চতুর্থ শ্রেণীর ১১৬টি পদের মধ্যে ২৮টি শূন্য রয়েছে। রোগীর চাপ বেশি থাকায় এই জনবল দিয়ে হাসপাতাল চালাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।’ এদিকে হাসপাতালের নিচতলার করিডরে ১৪টি কাঠের বড় আকারের বাক্সে বিভিন্ন যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে পড়ে আছে। পর্যাপ্ত লোকবল না থাকায় এসব যন্ত্রপাতি লাগানো হচ্ছে না। ২০০৯ সালের ৩০ সেপ্টেম্বর এসব যন্ত্রপাতি হাসপাতালে আনা হয়। হাসপাতালের কর্মচারীরা জানান, এক বছর আগে হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেনের পাইপলাইন লাগানো হলেও ওই লাইনের মধ্য দিয়ে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে না। হাসপাতালের তিনটি এক্স-রে মেশিনের মধ্যে দুটিই বিকল। সিটিস্ক্যান মেশিনের বয়স বেশি হওয়ায় সেটির কার্যকারিতা হারিয়েছে। হাসপাতাল-সংলগ্ন কুচাইতলী এলাকার ফরিদ মিয়া ও বারপাড়া এলাকার আবদুস সামাদ বলেন, পুরো হাসপাতাল সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে। হাসপাতাল এলাকায় নালা না থাকায় বর্জ্য ও পানি নিষ্কাশন হচ্ছে না। নোংরা ও জলাবদ্ধ পানির মধ্য দিয়েই রোগীদের সেবা নিতে হচ্ছে। সার্বিক বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. হাবিবুর রহমান তাঁর দপ্তরে প্রথম আলোকে বলেন, ‘নতুন যন্ত্রপাতিগুলো শিগগিরই লাগানো হবে। মেডিকেল কলেজ এলাকা থেকে হাসপাতাল এলাকা নিচু হওয়ায় পানি নিষ্কাশিত হচ্ছে না। তার পরও আমরা সীমিত জনবল দিয়ে হাসপাতাল পরিচালনা করে আসছি। হাসপাতালের সব সমস্যা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। সেখান থেকে বরাদ্দ এলেই সংকট দূর হবে।’