জনবল ও অবকাঠামো সংকট এবং হিমাগারের ধারণক্ষমতা কম হওয়ায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অবস্থিত দেশের সর্ববৃহত্ প্রজনন আলুবীজ উত্পাদন কেন্দ্রে পর্যাপ্ত আলুবীজ উত্পাদন করা যাচ্ছে না। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনে পরিচালিত এই কেন্দ্র ঘিরে পঞ্চগড় ও নীলফামারীর শতাধিক কৃষক বীজ উত্পাদন করেন।সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, কেন্দ্রের ৪৭০ একর জমির মধ্যে এ বছর বীজ আলু (প্রজনন) লাগানো হয়েছে ৫৩ একরে, ভিত্তি বীজ আলু ১৩৬ একরে, গমবীজ ১৬৮ একরে, ভুট্টাবীজ পাঁচ একরে এবং গবেষণাকাজে ব্যবহার করা হচ্ছে ২২ একর জমি।কেন্দ্রের কর্মকর্তারা জানান, প্রতিবছর এখানে বীজ উত্পাদন বৃদ্ধি পেলেও সীমানাপ্রাচীর না থাকায় গরু-ছাগল যেমন ফসলের ক্ষতি করছে, তেমনিভাবে চুরি যাচ্ছে উত্পাদিত ফসল। এখানে প্রতিবছর ৬০০-৭০০ টন আলুবীজ উত্পাদিত হলেও হিমাগারের ধারণক্ষমতা ৪৫০ টন। এ বছর বীজ উত্পাদনের লক্ষ্যমাত্রা এক হাজার টন। অতিরিক্ত বীজ আলু কৃষকদের মধ্যে কম মূল্যে বিক্রি করতে হয়।কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মানস কুমার সাহা বলেন, এখানে ১৪ কিলোমিটার সীমানাপ্রাচীর, তিনটি গভীর নলকূপ স্থাপন, যন্ত্রপাতি রাখার শেড ও হিমাগার সম্প্রসারণ করা খুবই জরুরি। পাশাপাশি নেট হাউস, ওয়ার্কিং শেড ও অফিস কক্ষ সম্প্রসারণ করা প্রয়োজন। তিনি বলেন, এখানে প্রয়োজনের তুলনায় মাঠকর্মী ও শ্রমিকসংখ্যা কম।মানস কুমার সাহা আরও বলেন, আলু উত্পাদনের ক্ষেত্রে পরিমাণ ও গুণগত মানের বীজ খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন ও অন্যান্য বীজ উত্পাদনকারী প্রতিষ্ঠান চাহিদার মাত্র ৫-১০ শতাংশ মানসম্পন্ন বীজ সরবরাহ করতে পারে। অবশিষ্ট বীজ কৃষকেরাই সংরক্ষণ করেন। যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হলে এখানে দেশের চাহিদামতো বীজ আলু উত্পাদন করা সম্ভব। কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মোস্তাহেদ হোসেন বলেন, এখানে জাব পোকার প্রাদুর্ভাব সবচেয়ে কম হওয়ায় বীজ আলুর গুণগত মান নিয়ন্ত্রণে এটিই বাংলাদেশের সর্বোত্কৃষ্ট স্থান। এ ছাড়া এখানে ফলের জাত উদ্ভাবন, উত্পাদন প্রযুক্তি, সার ব্যবস্থাপনা, রোগ ও পোকামাকড় ব্যবস্থাপনার ওপর গবেষণা হয়। তিনি দাবি করেন, এটি বাংলাদেশে রোগমুক্ত বীজ আলু উত্পাদনের একমাত্র প্রতিষ্ঠান। সে কারণে এ কেন্দ্রের বীজের চাহিদাও বেশি। এখানকার ভিত্তি বীজ নিয়ে এ অঞ্চলের প্রায় ১০০ জন ছোট-বড় কৃষক বীজ উত্পাদন করে লাভবান হচ্ছেন বলেও তিনি জানান।নীলফামারীর ডোমার উপজেলার খাটুরিয়া গ্রামের আলুচাষি সাহিদ আহম্মেদ বলেন, এই কেন্দ্রের বীজে ভালো ফলনের পাশাপাশি বীজ আলুর দামও ভালো পাওয়া যায়।