দীর্ঘদিন ধরে আবাসন ও জনবলসংকটে ভুগছে খুলনা মহানগরের সরকারি শিশুপরিবার (বালক) ও ছোটমণি নিবাস। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে শিশুদের জন্য নির্মিত শিশুনিবাসের দোতলা ভবন। শিশুরা এখন প্রশাসনিক ভবনের নিচতলায় মানবেতর জীবন যাপন করছে।
শিশুপরিবার ও ছোটমণি নিবাসের কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৭৪ সালের আগস্টে ৩ দশমিক ৪৯ একর জমির ওপর নগরের মহেশ্বরপাশা শিশুসদন নামে ১০০ আসনের প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। ছয় থেকে নয় বছর বয়সী এতিম শিশুরা ১৮ বছর পর্যন্ত এখানে সরকারি খরচে থাকতে পারে। পরে এক দিন বয়সী থেকে শুরু করে সাত বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য ১০০ আসনের ছোটমণি নিবাসও এর সঙ্গে যুক্ত করা হয়। ২০০২-০৩ অর্থবছরে এর অবকাঠামো নির্মাণ করা হয়।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, শিশুদের থাকার জন্য নির্মিত দোতলা ভবনটির বিভিন্ন স্থান ভেঙে গেছে। ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। পূর্বদিকের প্রাচীর ১০০ গজের মতো ভেঙে পড়েছে। সেখানে বাঁশের বেড়া দেওয়া। উত্তর দিকের প্রাচীরের অনেকখানি হেলে পড়েছে। অফিসরুমের নিচতলায় স্যাঁতসেঁতে পরিবেশে গাদাগাদি করে বসবাস করছে শিশুরা। তা ছাড়া অফিসরুমের দোতলার ছাদ থেকেও পলেস্তারা খসে পড়ছে। দেয়ালের বিভিন্ন স্থানে ফাটলও ধরেছে। বর্তমানে এখানে সাত থেকে ১৮ বছরের মধ্যে ৯৮ জন শিশু আছে। যাদের মধ্যে ৭০ জন ছোটমণি নিবাস ও ২৮ শিশু প্রশাসনিক ভবনের নিচে ছোট তিনটি কক্ষে কোনো রকমে বসবাস করছে। অন্যদিকে ছোটমণি নিবাসের ১০০ জনের আসনে এখন ৩৭ জন রয়েছে।
শিশুপরিবারের বাসিন্দা তৌহিদুল ইসলাম, বরকত ইসলাম ও শরিফুল ইসলাম জানায়, একেকটি কক্ষে সবাইকে গাদাগাদি করে থাকতে হচ্ছে। এতে পড়াশোনাও ঠিকমতো হচ্ছে না।
জনবলসংকটের কারণে শিশুদের দেখভালেও সমস্যা হচ্ছে। শিশুপরিবারের ১৯টি পদের মধ্যে ১১টি শূন্য। এর মধ্যে উপতত্ত্বাবধায়কের একটি পদে একজন আছেন, অফিস সহকারীর একটি পদ ও সহকারী শিক্ষকের দুটি পদ এবং মেট্রোনের (ছোট শিশুদের দেখাশোনা করেন) একটি পদে সবাই আছেন। সহকারী তত্ত্বাবধায়ক ও কম্পিউটারের একটি পদ শূন্য। খণ্ডকালীন চিকিৎসকের দুটি পদে আছেন একজন। উন্নয়ন খাতে কর্মচারীর চারটি পদের একটি পদ খালি। চতুর্থ শ্রেণির পাঁচটি পদের বিপরীতে মাত্র একজন ও বাবুর্চির দুটি পদে একজন আছেন।
এদিকে ছোটমণি নিবাসের ১৬টি পদের বিপরীতে আছেন মাত্র সাতজন। গার্ড ও নৈশপ্রহরীর তিন পদ থাকলেও এর মধ্যে দুজন প্রেষণে আর একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফলে নিরাপত্তাহীনতার মধ্যেই থাকছে শিশুরা।
শিশুপরিবারের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, সবচেয়ে বড় সমস্যা আবাসন সমস্যা। তা ছাড়া প্রয়োজনীয় জনবল না থাকায় শিশুদের দেখভালেরও সমস্যা হচ্ছে। প্রতিষ্ঠানের উপতত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও কোনো ফল হচ্ছে না।