জনবল ও বয়স্ক জনবল-সংকটে বান্দরবানের বন প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান বন প্রশাসনের জনবল ও বয়স্ক জনবল সংকটে বন ডিভিশনগুলোতে (বিভাগীয় বন কর্মকর্তার প্রশাসন) প্রায় অচলাবস্থা দেখা দিয়েছে। পর্যাপ্ত জনবল না থাকা ও কর্মরত ৯০ শতাংশ কর্মকর্তা-কর্মচারীর প্রাক-অবসরকালীন বয়স হওয়ায় জেলার সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চলসহ প্রায় তিন লাখ একর বনভূমি রক্ষা করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বলে বিভাগীয় বন কর্মকর্তারা বলেছেন।বিভাগীয় বন দপ্তর থেকে জানা যায়, জেলার বান্দরবান বন বিভাগ, বান্দরবান পাল্পউড বন বিভাগ ও লামা বন বিভাগের জনবল কাঠামো অনুযায়ী ৪২২ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে কর্মরত রয়েছেন ২৭১ জন। এঁদের মধ্যে মাত্র ২০-২৫ জনের বয়স ৪৫ বছরের কম হলেও অন্যদের সবারই বয়স ৫০ বছরের অধিক। দুর্গম পার্বত্য এলাকায় মাঠপর্যায়ে কাজ করা তাদের পক্ষে সম্ভব নয় বলে বান্দরবান পাল্পউড বিভাগের বিভাগীয় বন কর্মকর্তারা স্বীকার করেছেন। বন প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, আশির দশকে পার্বত্য চট্টগ্রামের বন বিভাগে জনবল নিয়োগ দেওয়া হয়েছিল। তখন এ অঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে গুচ্ছগ্রামে নিয়ে আসা আদিবাসীদের কর্মসংস্থান ও বনায়নের লক্ষ্যে জুমিয়া পুনর্বাসনের আওতায় জনবল নিয়োগ দেওয়া হয়েছিল। ওই জনবল দিয়ে এখনো বন বিভাগ চালানো হচ্ছে।বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা তৌছিফুল বারী খান বলেছেন, বন বিভাগের জনবল ও বয়স্ক জনবলের সংকট সারা দেশে একই অবস্থা। তবে পার্বত্য চট্টগ্রামে বিশেষ করে বান্দরবানে সংকটের জন্য সৃষ্ট সমস্যা ভিন্ন রকমের। সমতল অঞ্চলে বয়স বেশি হলেও সমস্যা এতটা নয় বলে তিনি মন্তব্য করেন। আলীকদমের মাতামুহুরি রেঞ্জ কর্মকর্তা কুশ কুমার বৈদ্য বলেছেন, তাঁর রেঞ্জে এক লাখ দুই হাজার একরের মাতামুহুরি সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চল রক্ষার কাজে ১৪ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। থাকার কথা ৪০ জন। এ ১৪ জনের মধ্যে ১৩ জনের বয়স পঞ্চাশোর্ধ্ব এবং তাদের দুর্গম এলাকায় কাজ করার শারীরিক সক্ষমতা নেই।বান্দরবানের পাল্পউড বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সালাউদ্দিন বলেন, মাঠকেন্দ্রিক ও বর্তমানে প্রযুক্তিনির্ভর বন প্রশাসন বয়স্ক জনবল দিয়ে চালানো প্রায় অসম্ভব। দ্রুত নিয়োগ দেওয়া না হলে কয়েক বছরের মধ্যে বন বিভাগ জনবল শূন্য হয়ে পড়বে।