পঞ্চগড়ের তেঁতুলিয়ার আবহাওয়া পর্যবেক্ষণাগারের নির্মাণকাজ শেষে ২০১৩ সালের ৩১ জানুয়ারি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু প্রায় দুই বছর পরও প্রয়োজনীয় লোকবল ও যন্ত্রপাতি স্থাপনের অভাবে এটি এখনো চালু হয়নি।
পঞ্চগড় গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে আবহাওয়া অধিদপ্তর দুর্যোগ মোকাবিলায় সরকারিভাবে দেশের পাঁচটি জেলায় আবহাওয়া পর্যবেক্ষণাগার নির্মাণের কাজ শুরু করে। এগুলো হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়া, কিশোরগঞ্জের নিকলী, খাগড়াছড়ির দিঘিনালা, কক্সবাজারের সেন্ট মার্টিন ও বান্দরবান। এর মধ্যে প্রায় দুই কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ২০১১-১২ অর্থবছরে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারটির নির্মাণকাজ শেষ হয়। পরে ঠিকাদারের কাছ থেকে পঞ্চগড় গণপূর্ত অধিদপ্তর তা বুঝে নেয়। এরপর গণপূর্ত অধিদপ্তর প্রকল্প পরিচালককে বুঝে নিতে চিঠি দেয়। কিন্তু জনবল না থাকায় প্রকল্প অফিস দীর্ঘ তিন বছরেও তা বুঝে নেয়নি। ফলে এটি এখনো পড়ে আছে।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, হিমালয়ের পাদদেশে অবস্থান হওয়ায় এ জেলায় শীতের প্রকোপ বেশি। দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করলেও আবহাওয়া কার্যালয় না থাকায় আবহাওয়ার পূর্বাভাস থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন। তাই তাঁরা দ্রুত এটি চালুর দাবি জানান।
পঞ্চগড় গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবদুর রশীদ জানান, ঠিকাদারের কাছ থেকে তিন বছর আগে তাঁরা এ পর্যবেক্ষণাগারটি বুঝে নেন। এরপর প্রকল্প পরিচালককে বুঝে নিতে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা এখনো তা বুঝে নেননি। কাজেই এটি কবে চালু হবে তা তিনি বলতে পারছেন না।
এ ব্যাপারে প্রকল্প পরিচালক শামীম হাসান ভূইয়া মুঠোফোনে প্রথম আলোকে জানান, তেঁতুলিয়াসহ সারা দেশে পাঁচটি আবহাওয়া পর্যবেক্ষণাগার নির্মাণ করা হয়। তেঁতুলিয়া পর্যবেক্ষণাগারটির নির্মাণকাজ আগেই শেষ হয়। কিন্তু অন্য চারটার নির্মাণে দেরি হওয়ায় লোকবল নিয়োগসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন শেষ করা যায়নি। পাঁচটা একসঙ্গেই চালু করা হবে। আশা করছি শিগগিরই চালু করা হবে।