বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে জনবল-সংকট তীব্র আকার ধারণ করেছে। চিকিৎসকের সাতটি পদের বিপরীতে আছেন মাত্র দুজন। লাশ কাটার জন্য ডোমের পদ শূন্য। আনুষঙ্গিক সরঞ্জামের অভাবে ব্যবহার করা যাচ্ছে না নতুন ভবন। জরাজীর্ণ ভবনে চলে পাঠদান ও লাশ কাটার কাজ।কলেজ সূত্র জানায়, ১৯৮৪ সালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে ফরেনসিক মেডিসিন বিভাগটি চালু হয়। তখন একটি ভবনে কাজ শুরু করে ওই বিভাগ। এখন ভবনটি ব্যবহারের অনুপযোগী। এ কারণে লাশের ময়নাতদন্ত এবং ফরেনসিক বিভাগের শিক্ষার্থীদের পাঠদানে সমস্যা দেখা দেয়। পরে গণপূর্ত বিভাগ ফরেনসিক মেডিসন বিভাগের জন্য নতুন ভবন নির্মাণ করে। গত বছরের ২৪ এপ্রিল ভবন উদ্বোধন ও হস্তান্তর করা হয় কলেজ কর্তৃপক্ষের কাছে। এখন নতুন ভবন আছে। সেখানে ফরেনসিক বিভাগের সাইনবোর্ডও শোভা পাচ্ছে। কিন্তু চিকিৎসক, যন্ত্রপাতি না থাকায় ওই ভবনে কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। নতুন ভবনে কার্যক্রম শুরু করতে না পেরে জরাজীর্ণ ঘরেই চলছে শিক্ষার্থীদের পাঠদান ও লাশ কাটার কাজ।খোঁজ নিয়ে জানা যায়, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জেলার ১৩টি থানার লাশ আসে ময়নাতদন্তের জন্য। প্রতি মাসে ২৫ থেকে ৩০টি লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য পাঠানো হয় এখানে। চিকিৎসক-সংকটের কারণে দুর্ভোগে পড়তে হয় থানা পুলিশ ও মরদেহ নিয়ে আসা স্বজনদের। লাশ কাটার জন্য জনবলও নেই। একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী লাশ কাটার কাজ করেন।ফরেনসিক বিভাগ জানায়, নতুন ভবনের জন্য পাঁচ কিলো বোল্টের একটি জেনারেটর, এক হাজার ওয়াটের আইপিএস, দুটি শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি), মরদেহ রাখার জন্য হিমঘর থাকা অত্যন্ত জরুরি। কিন্তু এর কিছুই সরবরাহ করা হয়নি। এ ছাড়া লাশ কাটার জন্য কোনো ডোম নেই। বেশ কয়েকবার চাহিদাপত্র দিয়েও বরাদ্দ মেলেনি। ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক আক্তারুজ্জামান জানান, লাশ কাটা ঘরে অবশ্যই শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা থাকা দরকার। দরকার দুর্গন্ধমুক্ত রাখার যন্ত্র, হীমঘরসহ অন্যান্য আসবাব। যার কোনোটাই এই বিভাগে নেই।বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ শহীদুল আলম প্রথম আলোকে জানান, সুদৃশ্য ভবন করা হয়েছে। কিন্তু এর জন্য কোনো জনবল না থাকায় সমস্যা তীব্রতর হচ্ছে। এ ছাড়া এই বিভাগের চিকিৎসকদের আদালত ও নানামুখী হয়রানির শিকার হতে হয়। জনবল-সংকটের এটাও একটা অন্যতম কারণ। মাঝেমধ্যে বোর্ড গঠন করে কোনোমতে লাশের ময়নাতদন্ত করার ব্যবস্থা করা হয়। এসব ব্যাপারে লিখিত দিয়েও কোনো কাজ হয়নি।