জনবল ও যন্ত্রপাতির অভাবে লোহাগাড়া ট্রমা সেন্টার চালু হচ্ছে না
চট্টগ্রামের লোহাগাড়ায় তিন বছর আগে নির্মাণকাজ শেষ হলেও জনবল ও যন্ত্রপাতির অভাবে কোটি টাকা ব্যয়ে নির্মিত ট্রমা সেন্টারটি চালু হচ্ছে না। এটি ফেনী থেকে কক্সবাজারের মধ্যবর্তী একমাত্র ট্রমা সেন্টার।এটি চালু না হওয়ায় সেবাবঞ্চিত হচ্ছে দুর্ঘটনাকবলিত আহত রোগীসহ অন্যরা। অথচ চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কটি পর্যটন এলাকায় হওয়ার সুবাদে প্রতিনিয়ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে কক্সবাজার যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। সময়মতো সুচিকিৎসার অভাবে অনেকে অকালে মারা যান অথবা আজীবনের জন্য পঙ্গু হন।সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার সড়কের মধ্যবর্তী লোহাগাড়া উপজেলায় এই ট্রমা সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। ২০০৭ সালের জুন মাসে গণপূর্ত বিভাগের কার্যাদেশ নিয়ে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মার্ক কনস্ট্রাকশন লিমিটেড কাজ শুরু করে। তিনতলাবিশিষ্ট এ হাসপাতালের ১৮টি শয্যা রয়েছে। এর মধ্যে বিশেষ কেবিন (ভিআইপি) দুটি, সাধারণ শয্যা ১৬টি। মার্ক কনস্ট্রাকশন লিমিটেডের কর্মকর্তা আবুল বশর জানান, নির্মাণ শেষে ট্রমা সেন্টারটি উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়েছে। ইতিমধ্যে ট্রমা সেন্টারে বিদ্যুৎসংযোগ ও পানির লাইন স্থাপন করা হয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল কাইয়ুম বলেন, ‘ট্রমা সেন্টারের ভবন নির্মাণ শেষ হলেও এখানে যন্ত্রপাতি ও জনবল না থাকায় তা চালু করা যাচ্ছে না। পাশাপাশি হাসপাতালটি চালু না হওয়ায় ভবনের বিভিন্ন যন্ত্রপাতি চুরি হচ্ছে। এ ব্যাপারে আমিও জেলা সমন্বয় সভায় ট্রমা সেন্টার চালুর ব্যাপারে কথা বলেছি এবং চিঠিও দিয়েছি।’চট্টগ্রাম সিভিল সার্জন আবু তৈয়ব বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজারের মতো গুরুত্বপূর্ণ পর্যটন সড়কে ট্রমা সেন্টারটি খুব দরকার। ইতিমধ্যে জনবল ও যন্ত্রপাতির ব্যবস্থা করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি।’