ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় আধুনিক মা ও শিশুকল্যাণ কেন্দ্র ভবনের নির্মাণকাজ প্রায় ১৪ মাস আগে শেষ হয়েছে। কিন্তু জনবল ও প্রয়োজনীয় চিকিৎসার সরঞ্জাম না থাকায় কেন্দ্রটি উপজেলাবাসীর কোনো কাজে আসছে না।
জানতে চাইলে গৌরীপুর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফেরদৌস আরা আক্তার প্রথম আলোকে বলেন, ‘মা ও শিশুকল্যাণ কেন্দ্রটিতে লোকবল ও চিকিৎসার সরঞ্জাম দেওয়ার জন্য একাধিকবার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করেছি। এটি চালু হলে উপজেলার মা ও শিশুদের সেবার মান অনেক বাড়বে।’
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গৌরীপুর আধুনিক মা ও শিশুকল্যাণ কেন্দ্রটি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে নির্মিত হয়েছে। গৌরীপুর পৌরসভা কার্যালয়ের বিপরীত পাশে অবস্থিত তিনতলা বিশিষ্ট এ ভবনে ১০টি শয্যা রয়েছে। ২০১৪ সালের ১২ এপ্রিল কেন্দ্রটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের প্রয়াত সাংসদ মজিবুর রহমান ফকির। ভবনটি নির্মাণে প্রায় দেড় কোটি টাকা ব্যয় হয়। ঠিকাদার প্রতিষ্ঠান নির্মাণকাজ শেষে ২০১৫ সালের শেষের দিকে ভবনটি পরিবার পরিকল্পনা বিভাগের কাছে হস্তান্তর করে।
পরিকল্পনা অনুযায়ী, এ কেন্দ্রে মাতৃমৃত্যুর হার কমিয়ে আনা, মা ও শিশুর স্বাস্থ্য ভালো রাখা, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ, এইচআইভি-এইডসসহ বিভিন্ন যৌনরোগ থেকে সুরক্ষা, মা ও শিশুর পুষ্টিকর খাবারসহ মৌলিক চাহিদা পূরণ, পরিকল্পিতভাবে পরিবার গঠনসহ বিভিন্ন বিষয়ে সেবা ও পরামর্শ দেওয়া হবে। এ জন্য একজন চিকিৎসা কর্মকর্তাসহ তিনজন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি এসব সেবার জন্য বহির্বিভাগ ও মেটার্নিটি বিভাগ চালাতে অস্ত্রোপচার সংশ্লিষ্ট যন্ত্রপাতিসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম লাগবে। কিন্তু এ কেন্দ্রে আজ পর্যন্ত কোনো জনবল নিয়োগ দেওয়া হয়নি, আসেনি কোনো সরঞ্জাম। কেন্দ্রটি চালু না হওয়ায় বর্তমানে অস্থায়ীভাবে আঞ্জুমান আরা বেগম নামের একজন পরিবার পরিকল্পনা পরিদর্শক সপ্তাহে দুই দিন এখানে মা ও শিশুর সেবা দেন। এই কার্যক্রম চলে কেন্দ্রের বহির্বিভাগে।
গৌরীপুর শহরের ব্যবসায়ী রফিকুল ইসলাম বললেন, উপজেলায় এখনো প্রতিরোধ ও প্রতিকারযোগ্য বিভিন্ন কারণে মা ও শিশুর মৃত্যু ঘটছে। কেন্দ্রটি চালু হলে এসব ঘটনা এড়ানো যেত।
উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের পরিসংখ্যান বলছে, ২০১৪ সালের জুলাই মাস থেকে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে গৌরীপুরে অন্তত ২৬টি নবজাতক ও তিনজন প্রসূতির মৃত্যু হয়েছে।