জনবল ও সরঞ্জাম সংকটে আবু নাসের বিশেষায়িত হাসপাতাল
‘হেই সাত সহালে লাইনে খারাইছি, এহনো ডাক্তার দেহাইতে পারি নাই। দুফুরের মইধ্যে দেহাইতে না পারলে টেস্ট-মেস্ট কহন করমু। কহন বাড়ি যামু! হুনছি, এইহানে সব যন্ত্রপাতি এহনো চালু হয় নাই। খুলনায় যে থাকমু হে রহম আত্মীয় নাই। আমাগো কী যে বিপদ!’খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতালের বহির্বিভাগে দাঁড়িয়ে আক্ষেপ করেই এসব কথা বলছিলেন ৫০ বছরের বৃদ্ধা আরেফা বেগম। মূত্রনালি ও কিডনি জটিলতায় অসুস্থ স্বামীকে নিয়ে এসেছেন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থেকে। বহির্বিভাগে পর্যাপ্ত মেডিকেল অফিসারের অভাবে এভাবেই ঘণ্টার পর ঘণ্টা তার মতো অপেক্ষায় থাকতে হয় দূর-দূরান্ত থেকে আগত রোগীদের।হাসপাতাল সূত্র অনুযায়ী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালে খুলনার গোয়ালখালীতে বঙ্গবন্ধুর ছোট ভাইয়ের নামে নামকরণ করে ২৫০ শয্যার আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর সরকার পরিবর্তনের কারণে এই হাসপাতাল নির্মাণ থমকে যায়। মহাজোট সরকার ক্ষমতায় এলে শেখ হাসিনা অবহেলিত এই হাসপাতালটি দ্রুত চালুর আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী আপাতত ১২০টি শয্যা ও ১১টি বিভাগ চালুর লক্ষ্য নিয়ে ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি হাসপাতালটির উদ্বোধন করেন। প্রাথমিকভাবে সিসি ইউনিটসহ কার্ডিওলজি, নেফ্রোলজি ও নিউরো মেডিসিন বিভাগের ৩০টি শয্যা চালু করা হয়। কিন্তু চিকিৎসক ও আধুনিক চিকিৎসা-সরঞ্জাম না থাকায় চালুর এক বছরের মধ্যেই বিশেষায়িত হাসপাতালটির চিকিৎসা-কার্যক্রম ব্যাহত হতে শুরু করেছে। সংশ্লিষ্টদের মতে, অবকাঠামোগত উন্নয়ন হলেও যন্ত্রাংশ, আসবাবপত্রের তেমন ব্যবস্থা করা হয়নি। হার্ট, কিডনি ও নিউরো চিকিৎসায় যুগোপযোগী সেবার প্রতিশ্রুতি থাকলেও প্রত্যাশা অনুযায়ী তা পূরণ হয়নি।ক্যাথলাব মেশিনটি চালু না হওয়ায় হাসপাতালে করোনারি এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টিক ও পেসমেকার সেট করা সম্ভব হচ্ছে না। মেডিকেল অফিসার, রেজিস্ট্রার, আরএস (কার্ডিও থোরাসিক সার্জারি), সহকারী রেজিস্ট্রার, আরএমও (কার্ডিও ভাসকুলার নিউরোলজি), সহকারী সার্জনের গুরুত্বপূর্ণ ১৬টি পদ এখনো শূন্য রয়েছে। প্রস্তাবিত ১৮০৬টি পদের মধ্যে মাত্র ২৮০টি পদের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে জনবল কম রয়েছে ৬৩ জন।হাসপাতালের প্রকল্প পরিচালক অধ্যাপক মনিমোহন সাহা বলেন, মেডিকেল অফিসার না থাকায় বহির্বিভাগে চাপ সামলানো অসম্ভব হয়ে পড়ছে। হাসপাতালে ১০টি ডায়ালিসিস মেশিনের মাধ্যমে প্রতিদিন তিন শিফটে ৩০ জন রোগীর সেবা দেওয়া হলেও প্রয়োজনের তুলনায় তা অনেক কম। মন্ত্রণালয়ে আরও ১০টি ডায়ালিসিস মেশিনের জন্য চাহিদা দেওয়া হয়েছে। এ ছাড়া জরুরি ভিত্তিতে এখানে মেডিকেল অফিসার ও অন্যান্য বিভাগের আনুষঙ্গিক সুবিধাদি বাড়ানোর আবেদন জানানো হয়েছে।