সংক্রামক ব্যাধি গবেষণাগার এবং ১০০ শয্যার হাসপাতাল ভবন উদ্বোধন করা হলেও এখনো পুরোদমে কার্যক্রম শুরু হয়নি। দশতলা ভবনের নির্মাণকাজ শেষ হয়নি সাত বছরেও। এ ছাড়া পর্যাপ্ত জনবল এবং চিকিৎসা সরঞ্জামের সংকট রয়েছে। ফলে সংক্রামক ব্যাধি নিয়ে গবেষণা ও চিকিৎসাসেবা আঁতুড়ঘরে পড়ে আছে।
চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) নামের প্রতিষ্ঠানটির ভবনের নির্মাণকাজ শুরু হয় ২০০৭ সালে। ২০১২ সালের মধ্যে এই ভবনের নির্মাণ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ওই সময়ের মধ্যে মাত্র চারতলার কাজ শেষ হয়। পরের বছর ২০১৩ সালের জানুয়ারিতে ওই অবস্থায় ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর বহির্বিভাগ দিয়ে স্বল্প পরিসরে চালু করা হয় বহির্বিভাগের চিকিৎসাসেবা। একই এলাকায় আগে থেকে স্থাপিত ২০ শয্যার হাসপাতালটির তত্ত্বাবধান ওই সময় নতুন এই ইনস্টিটিউটের ওপর দেওয়া হয়। বর্তমানে পঞ্চম ও ষষ্ঠতলার অভাবে ১০০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল চালু করা যাচ্ছে না বলে জানা গেছে। একই কারণে আটটি গবেষণা বিভাগ, লেকচার গ্যালারি ও উচ্চশিক্ষার ডিপ্লোমা, এমডি ও পিএইচডি কোর্স চালু করা যাচ্ছে না।
ইনস্টিটিউটের পরিচালক মো. আবু তৈয়ব বলেন, ‘আমরা এখন কেবল ২০ শয্যার হাসপাতাল ও বহির্বিভাগে সেবা দিয়ে যাচ্ছি। যদি পঞ্চম ও ষষ্ঠতলা পর্যন্ত ভবনটি হতো তাহলে হাসপাতালটি চালু করে দেওয়া যেত। ভবন এবং পর্যাপ্ত যন্ত্রপাতির জন্য আমরা বিভিন্ন সময়ে মন্ত্রণালয়ে লিখেছি।’ সরেজমিনে দেখা গেছে, ফ্রান্সের সহযোগিতায় ইনস্টিটিউটে একটি অত্যাধুনিক গবেষণাগার প্রতিষ্ঠার কাজ চলছে এখন।
সূত্রে জানা গেছে, ইনস্টিটিউটটিতে বর্তমানে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা নেই। এ জন্য ২৫০ কেভি ক্ষমতাসম্পন্ন একটি জেনারেটরের জন্য স্বাস্থ্যসচিবসহ বিভিন্ন দপ্তরে লেখা হয়েছে। ইনস্টিটিউটের উপপরিচালক সফিউল আলম চৌধুরী বলেন, ‘আমাদের এখানে বায়ো সেফটি গবেষণাগার তৈরি হচ্ছে। এটি উন্নত একটি গবেষণাগার। এ জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দরকার। এ ছাড়া কিছু জরুরি সরঞ্জামের জন্যও পরিচালক মহোদয় ওপরে লিখেছেন।’
জানা গেছে, ইনস্টিটিউটটিতে ৭৫ জন চিকিৎসকের পদ রয়েছে। বর্তমানে ২৮ জন কর্মরত রয়েছেন। এ ছাড়া দ্বিতীয় শ্রেণীর ২১ জন, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ২৯ জন কর্মরত রয়েছেন।