জনবল তৈরিতে ভারতের সহায়তা নেওয়া হচ্ছে
দেশে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য অবকাঠামো (নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচার) তৈরি ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় দক্ষ জনবল তৈরি করতে ভারতও প্রশিক্ষণসহায়তা দেবে। সরকার এ ব্যাপারে ভারতের সহায়তা চেয়েছিল। সম্প্রতি ভারত তাদের সম্মতির কথা জানিয়েছে বলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্র বলেছে।
জানতে চাইলে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান ভারতের এই সম্মতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ভারত যেকোনো সময় সহযোগিতা করতে রাজি। কোন বিষয়ে কতজনকে সেখানে প্রশিক্ষণ দেওয়া হবে, তা চূড়ান্ত করে প্রস্তাব পাঠানো হবে।
সরকারের পক্ষ থেকে ২০০৯ সাল থেকে বলে আসা হয়েছে যে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে প্রয়োজনীয় সব জনবল প্রশিক্ষণ দেবে রাশিয়া। এখন ভারতের কাছ থেকেও সহায়তা নেওয়া হচ্ছে। কারণ, প্রকল্পের কাজ দ্রুত এগোচ্ছে। গত বৃহস্পতিবার রূপপুরে সেরজমিন পরিদর্শনের সময় দেখা যায়, পুরো অবকাঠামো তৈরির কাজ দ্রুত এগোচ্ছে। সেখানে কর্মরত রুশ বিশেষজ্ঞরা বলেন, সমীক্ষার কাজও নির্বিঘ্নে চলছে। পাশাপাশি সমীক্ষার তথ্য বিশ্লেষণের কাজ চলেছে মস্কোতে।
প্রকল্প ব্যবস্থাপনার সূত্র জানায়, প্রকল্পের কাজের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশিক্ষিত দক্ষ জনবল গড়ে তোলার প্রক্রিয়া চালাতে হবে। কিন্তু শুধু রাশিয়ায় প্রশিক্ষণ দিয়ে সময়মতো সব প্রয়োজন মেটানোর মতো জনবল তৈরি সম্ভব হবে না। তাই ভারতের সহায়তা নেওয়া অপরিহার্য হয়ে পড়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিচালক শৌকত আকবর প্রথম আলোকে বলেন, দুই ধরনের প্রশিক্ষিত জনবল গড়ে তোলা হচ্ছে। এক, রূপপুর বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য জনবল। এর সম্পূর্ণটাই প্রশিক্ষণ দেবে রাশিয়া। দুই, পারমাণবিক অবকাঠামো তৈরির জন্য দক্ষ জনবল তৈরি। এই অংশের জনবল প্রশিক্ষণে ভারতের সহায়তা নেওয়া হবে।
শৌকত আকবর বলেন, দুই ধরনের মিলে মোট ৬০০ প্রশিক্ষিত বিশেষজ্ঞ-কর্মকর্তা দরকার হবে। এর মধ্যে ৩০০ কারিগরি ও বিশেষজ্ঞ-কর্মকর্তার প্রশিক্ষণের জন্য ভারতের কাছে প্রস্তাব পাঠানো হতে পারে। এই জনবল কোনো নির্দিষ্ট বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য নয়। এদের কাজ হবে জাতীয় পারমাণবিক কর্মসূচিকে নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) সুপারিশমালা ও অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে সামগ্রিক কার্যক্রম গ্রহণ।
এ সম্পর্কে পরমাণু শক্তি কমিশনের সাবেক প্রধান প্রকৌশলী এ মতিন বলেন, ভারত থেকে প্রশিক্ষণ নেওয়ার বিষয়টি খুবই সুবুদ্ধিপ্রসূত। কারণ, ভারত নিজেরাই রিঅ্যাক্টর তৈরি করে। তা ছাড়া বাংলাদেশ যে ধরনের রিঅ্যাক্টর বসাতে চায়, ভারতেও তা আছে। সেগুলোর সুবিধা-অসুবিধা ভারতীয় বিশেষজ্ঞ ও পেশাজীবীরা ভালো জানেন।
পারমাণবিক অবকাঠামো কোনো একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন বা সঞ্চালন লাইন তৈরির বিষয় নয়। নিরাপদে, নির্বিঘ্নে ও টেকসই উপায়ে একটি পারমাণবিক কর্মসূচি পরিচালনার সঙ্গে যুক্ত প্রায় সবকিছুই পারমাণবিক অবকাঠামোর অন্তর্ভুক্ত। আইএইএর সমন্বিত পারমাণবিক অবকাঠামো গ্রুপ (আইএনআইজি) গত জানুয়ারিতে পারমাণবিক অবকাঠামোর ধারণাটি হালনাগাদ করেছে।
তাতে বলা হয়েছে, একটি পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচি বাস্তবায়নে নিজেদের সামর্থ্য বাড়ানো; ভৌত অবকাঠামো উন্নয়নের সামর্থ্য বৃদ্ধি; আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতিমালা (আইএইএর মাইলস্টোন অ্যাপ্রোচ) অনুসরণ; পূর্বাপর সামঞ্জস্যপূর্ণ ফ্রেমওয়ার্ক তৈরি ও মানসম্পন্ন তথ্য সংগ্রহ, বিশ্লেষণ প্রভৃতি পারমাণবিক অবকাঠামোর অন্তর্ভুক্ত।