জনবল থাকার পরও চালু হয়নি এমআরপি কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী পাসপোর্ট কার্যালয়ে এখন পর্যন্ত মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) তৈরির কার্যক্রম শুরু হয়নি। এতে ভোগান্তির শিকার হচ্ছেন জেলার বিদেশ গমনেচ্ছুক ব্যক্তিরা। পাশাপাশি কার্যালয়ের প্রয়োজনীয় জনবলও কাজে লাগছে না।
কার্যালয় থেকে জানা গেছে, ২০১২ সালের ডিসেম্বরে পৌরসভার একটি ভবন ভাড়া নিয়ে রাজবাড়ী পাসপোর্ট কার্যালয়ের কার্যক্রম শুরু হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে পাসপোর্টের কার্যক্রম চালানো হতো। একজন সহকারী পরিচালকসহ মোট আটজন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। প্রয়োজনীয় লোকবল থাকা সত্ত্বেও এখানে কেবল আগের হাতে লেখা পাসপোর্টের নবায়ন করা হয়। এমআরপি তৈরির কার্যক্রম শুরু হয়নি। এমআরপি তৈরির কার্যক্রম চালু করার জন্য সার্ভার, নেটওয়ার্ক ব্যবস্থা, কম্পিউটার, প্রিন্টারসহ আনুষঙ্গিক যন্ত্রপাতি প্রয়োজন। দেশে এমআরপি চালু হওয়ার পর এই কার্যালয়ে প্রতি মাসে মাত্র সাত-আটটি আগের পাসপোর্ট নবায়ন করা হয়। এতে কার্যালয়ের জনবলকেও কাজে লাগানো যাচ্ছে না। আর এমআরপির জন্য রাজবাড়ীর বাসিন্দাদের ফরিদপুরে যেতে হচ্ছে।
রাজবাড়ী রোটারি ক্লাবের সভাপতি খান মো. জহুরুল হক বলেন, ফরিদপুর গিয়ে পাসপোর্ট করানোর ক্ষেত্রে বড় সমস্যা হলো ফিঙ্গার প্রিন্ট করানো। ফিঙ্গার প্রিন্টের জন্য একজন ব্যক্তিকে একাধিকবার ফরিদপুরে যাতায়াত করতে হয়। রাজবাড়ীতে প্রয়োজনীয় জনবল রয়েছে। এখানেই এমআরপি কার্যক্রম চালু হওয়া প্রয়োজন।
সহকারী পরিচালক আবু নাঈম মাসুম বলেন, এমআরপি চালু করতে প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করার জন্য ঢাকার প্রধান কার্যালয়কে জানানো হয়েছে। পাসপোর্ট কার্যালয়টি পূর্ণাঙ্গভাবে চালু করার জন্য একাধিকবার ঘোষণা দিয়েছেন তাঁরা। এর পরও চালু করা সম্ভব হয়নি।
কত দিনের মধ্যে তাঁরা এমআরপি কার্যক্রম চালু করতে পারবেন, জানতে চাইলে আবু নাইম মাসুম কোনো মন্তব্য করতে রাজি হননি। জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল বলেন, ‘এমআরপি চালু করার জন্য এরই মধ্যে তিনটি মেশিন চলে এসেছে। আশা করছি শিগগিরই আমরা এমআরপি তৈরির কার্যক্রম শুরু করতে পারব।’