রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জনবলকাঠামো প্রায় দ্বিগুণ করা হয়েছে। কিন্তু অতিরিক্ত কর্মীদের বসার ব্যবস্থা করতে পারেনি কর্তৃপক্ষ। রাজধানীর দিলকুশা বাণিজ্যিক এলাকাসংলগ্ন রাজউক ভবন, পার্শ্ববর্তী বর্ধিত ভবন এবং উত্তরা ও মহাখালীর আঞ্চলিক কার্যালয়ে পর্যাপ্ত জায়গা নেই। এর ওপর বর্ধিত ভবনের ১৯ হাজার বর্গফুট জায়গা এখনো বিভিন্ন প্রতিষ্ঠানের দখলে আছে।
রাজউক সূত্র জানায়, পুরোনো কাঠামোতে রাজউকের জনবল ছিল প্রায় এক হাজার। দুই বছর আগে রাজউক দুই হাজার ৭০০ লোকের জনবলকাঠামো তৈরি করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠায়। আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত এক হাজার ৯৮০ জনের কাঠামো সাজিয়ে গত ৪ সেপ্টেম্বর এটি অনুমোদন করে সংস্থাপন মন্ত্রণালয়।
অনুমোদনের পরপরই কর্তৃপক্ষ আরও একজন প্রধান প্রকৌশলী নিয়োগ করে। কিন্তু শুরুতে তাঁর বসার জন্য কোনো কক্ষ পাওয়া যাচ্ছিল না। পরে একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিদেশে প্রশিক্ষণে গেলে তাঁর কক্ষে নতুন প্রধান প্রকৌশলীর বসার ব্যবস্থা করা হয়। নতুন জনবলকাঠামোয় চেয়ারম্যান ও বোর্ড সদস্যসংখ্যা ছাড়া সব পদেই লোকসংখ্যা বাড়ানো হয়েছে। বোর্ড সদস্য আগের মতো পাঁচজনই থাকছে। তবে তাঁদের দায়িত্ব বণ্টনে পরিবর্তন আনা হয়েছে। আগে প্রধান প্রকৌশলীর পদ ছিল একটি। এখন দুজন করা হয়েছে এবং দুজন বহালও হয়েছেন। তত্ত্বাবধায়ক প্রকৌশলীর পদ তিনটি থেকে সাতটি হয়েছে। দুজন ম্যাজিস্ট্রেট ছিলেন; এখন ১০ জন। অথরাইজড কর্মকর্তা ছিলেন আটজন; এখন পদ হয়েছে ২৪টি। সহকারী অথরাইজড কর্মকর্তার পদ চারটির স্থলে ৪৮টি হয়েছে। ভবন পরিদর্শক ছিলেন ৪০ জন; এখন ২৮৮। প্রধান পরিদর্শকের পদ আটটি থেকে বেড়ে হয়েছে ৪৮টি। এ ছাড়া সহকারী প্রকৌশলী, সহকারী পরিচালকসহ বিভিন্ন পদে প্রচুরসংখ্যক লোক নিয়োগ করা হচ্ছে।
জানতে চাইলে রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা প্রথম আলোকে বলেন, বিভিন্ন বিষয়ে রাজউকের দাপ্তরিক ও মাঠপর্যায়ের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আগের তুলনায় লোকবল প্রায় দ্বিগুণ বাড়ানো হয়েছে। কিন্তু এখনো তাঁদের বসার ব্যবস্থা করা যায়নি। তাঁদের জায়গা সংকুলানের জন্য মহাখালীতে সুউচ্চ ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
রাজউক জানায়, মহাখালীতে তিতুমীর কলেজের পশ্চিম দিকে রাজউকের যে কার্যালয়টি রয়েছে, সেটি ভেঙে এবং পার্শ্ববর্তী রাজউকের মালিকানাধীন জমিতে ৫০ তলা ভবন নির্মাণ করা হবে।
দখলে বর্ধিত ভবন: রাজউকের দায়িত্বশীল সূত্রমতে, রাজউকের বর্ধিত ভবনের ১৩টি অফিস ঘর দখল করে রেখেছে ১২টি ব্যবসায়ী প্রতিষ্ঠান। দখলে রাখা মোট জায়গার পরিমাণ ১৯ হাজার বর্গফুট। এদের কাছে বড় অঙ্কের বকেয়া পড়ে থাকলেও তারা তা পরিশোধও করছে না, অফিস ঘর ছেড়ে চলেও যাচ্ছে না। কয়েক দফা নোটিশ দেওয়া হয়েছে। গত বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে এসব অফিস থেকে মালামাল সরিয়ে নেওয়ার শেষ সময় বেঁধে দিয়েছিল কর্তৃপক্ষ। হুমকি দেওয়া হয়েছিল উচ্ছেদের। কিন্তু রাজউক উচ্ছেদ তো করতেই পারেনি বরং তারা বহাল তবিয়তেই আছে।