আলোচনা সভা, কোরআনখানি, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৪২তম শাহাদাতবার্ষিকী পালন করা হয়েছে। নড়াইল সদর উপজেলার আলীগঞ্জে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
গতকাল সকালে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাওলাদার মো. রকীবুল বারী। এতে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের অধ্যক্ষ রওশন আলী, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মজিদ, সমাজসেবক কওছার উদ্দীন মোল্লা প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা বীরশ্রেষ্ঠের নামে প্রতিষ্ঠিত গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে প্রয়োজনীয়সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের দাবি জানান।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মজিদ বলেন, সম্প্রতি জেলা পরিষদ একজন গ্রন্থাগারিক নিয়োগ দিয়েছেন। কিন্তু তিনি নিয়মিত না আসায় নৈশপ্রহরী ইউনুস শেখ যাবতীয় দায়িত্ব পালন করছেন। গ্রন্থাগারের জন্য অনেক টাকার বই কেনা হয়েছে। তবে এখানে নতুন কোনো বই নেই। নেই কম্পিউটার। বৈদ্যুতিক সুইচগুলো নষ্ট হয়ে যাওয়ায় রাতে গ্রন্থাগারের বারান্দায় মাদকসেবীরা আড্ডা দেয়। প্রয়োজনীয়সংখ্যক কর্মচারী না থাকায় বিভিন্ন সামগ্রী চুরি হয়ে যাচ্ছে। ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন নূর মোহামঞ্চদ। তাঁর নামানুসারে ২০০৮ সালে এ গ্রামের নাম রাখা হয় নূর মোহাম্মদনগর। এই গ্রামের পাশের আলীগঞ্জ (সাবেক ফেদী) গ্রামেই প্রতিষ্ঠা করা হয় বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। তিনি ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের শার্শা উপজেলার গোয়ালহাটি গ্রামে পাকিস্তানি বাহিনীর সঙ্গে যুদ্ধে শহীদ হন। নূর মোহাম্মদের স্ত্রী ফজিলাতুন্নেছা বলেন, ‘বীরশ্রেষ্ঠদের নামে করা প্রতিষ্ঠানগুলো যাতে অবহেলায় পড়ে না থাকে, সে জন্য সরকারের সদয় দৃষ্টি কামনা করছি।’