চিকিৎসক সংকটে পাবনা চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ৩১ শয্যার এ হাসপাতালকে গত বছর ৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু সে অনুযায়ী জনবল নিয়োগ দেওয়া হয়নি। উপরন্তু, আগের ৩১ শয্যার জনবল কাঠামো অনুযায়ী এখানে নয়জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন সাতজন।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত বছরের অক্টোবরে কর্তৃপক্ষের কাছে ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন হস্তান্তর করা হয়। ৫০ শয্যার জনবল কাঠামা অনুযায়ী এখানে ২০ জন চিকিৎসক থাকার কথা। চিকিৎসকসহ নতুন জনবল নিয়োগ না দিয়েই ১১ অক্টোবর ৫০ শয্যার কার্যক্রম শুরু হয়। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমকর্তা, ডেন্টাল সার্জন, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও চারজন চিকিৎসা কর্মকর্তা আছেন। অর্থোপেডিক, গাইনি, শিশু, নাক-কান-গলা, চক্ষু, চর্ম ও যৌন বিশেষজ্ঞের মতো গুরুত্বপূর্ণ পদে চিকিৎসক নেই।আবাসিক চিকিৎসা কর্মকর্তা রতন কুমার রায় জানান, বহির্বিভাগে গড়ে প্রতিদিন ৬০০-৭০০ রোগী চিকিৎসা নিতে আসে। ছয়জন চিকিৎসক বহির্বিভাগ সামলে রাতে অন্তর্বিভাগের দায়িত্ব পালন করেন। গতকাল বুধবার সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে গিয়ে রোগীদের দীর্ঘ লাইন দেখা যায়। এ সময় ধুলাউড়ি গ্রামের আবদুল বারীক বলেন, ‘এক ঘণ্টা লাইনে দাঁড়ায়ে আছি। ডাক্তার দেহাইতে পারি নাই।’ চরনীবন গ্রামের আকলিমা খাতুন এসেছেন তাঁর নাতনি নিয়ে। তিনি আক্ষেপ করে বলেন, ‘অত দূর থেকে ফুটিক বিয়ানে (খুব ভোরে) আইছি। কিন্তুক অ্যাকোনো দেকাবের পারতিছিনে।’চিকিৎসা কর্মকর্তা জান্নাতুন নাহার বলেন, ‘বহির্বিভাগে আমরা মাত্র ছয়জন চিকিৎসক। দেখুন কত রোগী। ৬০০-৭০০ হবে। এতগুলো রোগীকে একসঙ্গে দেখা কি সম্ভব?’ ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবিজুর রহমান জানান, চিকিৎসক সংকটের বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। পাবনা জেলা সিভিল সার্জন তাহসিন বেগম বলেন, ‘একটি প্যাকেজের আওতায় ৫০ শয্যা উন্নীতকরণের কাজটি হয়েছে। সম্ভবত এ কারণে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল নিয়োগ দেওয়া হয়নি। আমরা বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে জানিয়েছি।’