জনবল নিয়োগকে কেন্দ্র করে গত সোমবার দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ সুইপাররা নর্দমার ময়লা তুলে সিভিল সার্জন কার্যালয়ের বারান্দায় ঢেলে দেন। তাঁদের অভিযোগ, পূর্বপ্রতিশ্রুতি অনুযায়ী জাত সুইপারদের নিয়োগ না দিয়ে সিভিল সার্জন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অন্যদের নিয়োগ দিয়েছেন।সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯ জন সুইপার, চারজন গাড়িচালক, পাঁচজন জুনিয়র মেকানিক, ১৬ জন পিয়ন, চারজন কুকসহ মোট ৬৪টি পদে নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সুইপার ছাড়া বাকি পদগুলোর জন্য গত ৬ আগস্ট লিখিত পরীক্ষায় প্রায় দুই হাজার প্রার্থী অংশ নেন। ওই রাতেই ফলাফল প্রকাশ করা হয়। এত দ্রুত ফলাফল প্রকাশ করায় অনেকে অনিয়মের অভিযোগ তুলেছিলেন।সিভিল সার্জন কার্যালয়ের একাধিক কর্মচারী ও চিকিৎসক অভিযোগ করেন, প্রতিটি পদের বিপরীতে দুই থেকে তিন লাখ টাকা করে নেওয়া হয়েছে। আর এই টাকা আদায় করা হয়েছে একজন প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে। কথা ছিল, সুইপার পদে নিয়োগ দেওয়া হবে যাঁরা হাসপাতালে সুইপার হিসেবে দীর্ঘদিন ধরে বিনা বেতনে কাজ করছেন তাঁদের। একইভাবে পিয়নসহ অন্যান্য পদেও আগে থেকে বিনা বেতনে কর্মরত ব্যক্তিদের নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি ছিল।সুইপাররা জানান, গত ২৯ আগস্ট সুইপার পদে যাঁদের নির্বাচন করা হয়, তাঁদের নিয়োগপত্র দেওয়া হয়। এতে জাত সুইপারদের মধ্যে মাত্র চারজন নিয়োগ পান। এ কারণে বিক্ষুব্ধ সুইপাররা সোমবার বেলা ১১টায় সিভিল সার্জন কার্যালয় ঘেরাও করেন। এ সময় সিভিল সার্জন সেখানে ছিলেন না। অতিরিক্ত সিভিল সার্জন আবু বক্কর সিদ্দিক সুইপারদের সঙ্গে কথা না বললে তাঁরা হাসপাতালের নর্দমার ময়লা তুলে এনে সিভিল সার্জন কার্যালয়ের বারান্দায় ঢেলে দেন। একপর্যায়ে সুইপাররা সিভিল সার্জন কার্যালয়ের দুটি কক্ষে ভাঙচুর করেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক মো. আহাদ আলীও সিভিল সার্জনের বিরুদ্ধে টাকার বিনিময়ে নিয়োগবাণিজ্যের অভিযোগ এনে নিয়োগ বাতিলের দাবি জানান। তিনি অভিযোগ করেন, নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের তালিকা নোটিশ বোর্ডে না টাঙিয়ে যাঁরা যে পদের জন্য টাকা দিয়েছেন, তাঁদের ডেকে নিয়োগপত্র দেওয়া হয়েছে।এ ব্যাপারে সিভিল সার্জন আবদুল করিম মুঠোফোনে সুইপারদের আনা অভিযোগ অস্বীকার করে বলেন, জাত সুইপার ছাড়াও মুক্তিযোদ্ধা, উপজাতি কোটা, মন্ত্রী-সাংসদদের সুপারিশ—সব বিবেচনায় এনে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। কোনো অনিয়ম হয়নি।তবে দিনাজপুর-৩ (সদর) আসনের সাংসদ জনাব ইকবালুর রহিম ও দিনাজপুর-১ আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল সিভিল সার্জনের বক্তব্য নাকচ করে বলেন, জনবল নিয়োগে তাঁদের কোনো সুপারিশ ছিল না। তাঁরা এই নিয়োগ বাতিলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন।