‘অপরাধী গ্রেপ্তারে পুলিশের জনবল, বাহন ও আধুনিক প্রযুক্তির অভাব রয়েছে। এসব সমস্যার কারণে দ্রুত সময়ে অপরাধী শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না।’ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ গতকাল শনিবার দুপুরে সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।বর্তমান সরকার পুলিশে ৩২ হাজার জনবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে—এ তথ্য জানিয়ে আইজি বলেন, ইতিমধ্যে পুলিশে ১৩ হাজার সদস্য নিয়োগ দিয়ে প্রশিক্ষণে পাঠানো হয়েছে। এই নিয়োগের প্রক্রিয়া শেষ হলে জনবলের সমস্যা আর থাকবে না।’মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে গতকাল সকালে সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভায় যোগ দেন তিনি। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।নূর মোহাম্মদ বলেন, যুদ্ধাপরাধীরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। সিলেটের সীমান্ত এলাকাসহ দেশের সব স্থল ও বিমানবন্দরে শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীদের তালিকা দেওয়া হয়েছে। তদন্ত সংস্থার নির্দেশনা পেলে যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার করা হবে।সাংবাদিকদের উদ্দেশে মহাপরিদর্শক বলেন, এ দেশে অহর্নিশ কাজ করে একমাত্র পুলিশই। এ জন্য ভুলত্রুটি হতেই পারে। মিডিয়া সতর্ক থাকায় আজকাল খারাপ কিছু করে পুলিশ কেন, কেউ-ই পার পেতে পারে না বলে তিনি মন্তব্য করেন।সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য এলাকার চেয়ে তুলনামূলক ভালো রয়েছে জানিয়ে উপস্থিত সাংবাদিকদের মতামত জানতে চান আইজি। এ সময় সাংবাদিকেরা গত ২১ মার্চ সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষক খুনসহ সম্প্রতি সিলেট নগরে সাংবাদিক, জালালাবাদ গ্যাসের সিবিএ নেতা, সর্বশেষ সিলেট এমসি কলেজের শিক্ষার্থী খুনের ঘটনা এবং খুনিদের গ্রেপ্তারে পুলিশের গাফিলতির বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি গত ৬ মে সিলেট নগরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এক পক্ষের প্রকাশ্যে অস্ত্রের মহড়ার পরও কোনো অস্ত্রধারী গ্রেপ্তার না হওয়ার বিষয়টি সাংবাদিকেরা তুলে ধরেন।এ ব্যাপারে মহাপরিদর্শক সভায় উপস্থিত মহানগর পুলিশ কমিশনার ও পুলিশ সুপারকে পুলিশের ভূমিকার ব্যাখ্যা দিতে বলেন। এরপর মহাপরিদর্শক বলেন, প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনকারীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হওয়ায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।পুলিশের হাতে অযথা কেউ হয়রানির শিকার হলে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনার কথা জানিয়ে মহাপরিদর্শক বলেন, কোনো পুলিশ কর্মকর্তা অনিয়ম-দুর্নীতি করে পার পাবেন না।